‘ডাইন’ দাদাকে খুন করে নদীতে ভাসিয়ে দিল বোন!
জলপাইগুড়ি, ২৩ সেপ্টেম্বর : ডাইন অপবাদ দিয়ে এক ব্যক্তিকে পিটিয়ে খুন করে ঘাটিয়া নদীতে ভাসিয়ে দেওয়া হল। আর এই কাণ্ড ঘটালেন তাঁর বোনই। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির ভগৎপুরে। এই ঘটনার অভিযুক্ত বোন চান্দমুণিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার হয়েছে আরও একজন। অভিযুক্ত পাঁচজনের মধ্যে পুলিশ মোট দু'জনকে গ্রেফতার করত সমর্থ হয়েছে।
পুলিশ জানিয়েছে, মৃত ব্যক্তির নাম রাজু মিঞ্জ (৫০)। তাঁর বাড়ি ভগতপুর চা বাগানের জাহাদি লাইনে। বুধবার রাত থেকে নিখোঁজ ছিলেন রাজু। তাঁর স্ত্রীর অভিযোগ, চান্দমুনি ও স্থানীয় কয়েকজন যুবক তাঁকে জোর করে পাশের গ্রামে নিয়ে যায়। তারপর থেকেই খোঁজ মেলেনি রাজুর।

শুক্রবার সকালে ঘাটিয়া নদী থেকে রাজুর মৃতদেহ উদ্ধার হয়। এই ঘটনায় অভিযোগের তির রাজুর বোন চান্দুর দিকে। রাজু স্ত্রীর অভিযোগ, পরিকল্পনা করেই রাজুকে পাশের গ্রামে নিয়ে গিয়ে খুন করা হয়েছে। পিটিয়ে মেরেই নদীতে ভাসিয়ে দেওয়া হয় তাঁর স্বামীকে। তাঁর অভিযোগের ভিত্তিতেই চান্দমুণিকে গ্রেফতার করেছে পুলিশ।
রাজু মিঞ্জের স্ত্রীর আরও অভিযোগ, তাঁর স্বামীকে ডাইন বলে কয়েকদিন ধরে অপবাদ দিচ্ছিলেন চান্দমুনি। তাঁকে মেরে ফেলারও হুমকি দেওয়া হচ্ছিল। পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে। সত্যিই এই ঘটনার পিছনে ডাইন অপবাদের যৌক্তিকতা রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। চান্দুমণিকে জিজ্ঞাসাবাদ করেই অন্যদের পাকড়াও করতে চাইছে পুলিশ।












Click it and Unblock the Notifications