শুভেন্দু নিয়ে জল্পনার পারদ চড়ছে, এবার ছেলেকে নিয়ে মুখ খুললেন খোদ শিশির অধিকারী
শুভেন্দু অধিকারীকে নিয়ে জল্পনার পারদ চড়ছে বহুদিন ধরেই। তাঁর বিজেপি-যোগের জল্পনা উড়িয়ে এবার মুখ খুললেন শিশির অধিকারী।
শুভেন্দু অধিকারীকে নিয়ে জল্পনার পারদ চড়ছে বহুদিন ধরেই। তাঁর বিজেপি-যোগের জল্পনা উড়িয়ে এবার মুখ খুললেন বাবা শিশির অধিকারী। ছেলে শুভেন্দুকে নিয়ে অপপ্রচার হচ্ছে, তা জানিয়ে পূর্ব মেদিনীপুরের জেলা সভাপতি তথা সাংসদ শিশির অধিকারী বলেন, কেন এসব রটনা। শুভেন্দুকে একবার জিজ্ঞাসা করলেই তো সব উত্তর পেয়ে যাবেন।

শুভেন্দুকে নিয়ে জল্পনা, কড়া বার্তা
শুভেন্দুকে নিয়ে জল্পনার পারদ চড়তে থাকায় শেষমেশ ধৈর্যের বাঁধ ভেঙে যায় শুভেন্দু অধিকারী। কিছু মিডিয়া তাঁকে দিল্লিতে নিয়ে গিয়ে বিজেপিতে যোগ দেওয়ার খবর করে দেওয়ার পর প্রথমে পূর্ব মেদিনীপুরে বসে হেসেছিলেন শুভেন্দু। তারপর তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন আর চুপ করে না থেকে আইনি ব্যবস্থা নেওয়ার।

শুভেন্দুর হয়ে মুখ খুললেন শিশির
এবার প্রশান্ত কিশোরের কর্মসূচিতে উপস্থিত থেকে শিশির অধিকারী ছেলের হয়ে মুখ খুললেন। তিনি সাফ জানালেন, শুভেন্দু তৃণমূলের একজন গুরুত্বপূর্ণ ও শক্তিশালী নেতা। তাঁকে নিয়ে এসব অপপ্রচারের কোনও অর্থ হয় না। দলের সর্বোচ্চ নেত্রী যা নির্দেশ দেন অধিকারী পরিবার তা মেনে চলে। অধিকারী পরিবারের কেউ বেইমান নয়।

মানুষের সেবা করার জন্য রাজনীতি
এদিন নিজেদের অবস্থান স্পষ্ট করে তিনি বলেন, আমরা কংগ্রেস করতাম। কিন্তু কংগ্রেসটা আর করা যাচ্ছিল না বলেই তৃণমূলে এসেছি। এই দলটার প্রতি, দলের নেত্রীর প্রতি, মানুষের প্রতি আমাদের দায়বদ্ধতা আছে। আমরা মানুষের সেবা করার জন্য দল করি। আর শুভেন্দু সর্বদা মানুষের পাশে থেকে রাজনীতিটা করে।

প্রশান্ত কিশোরের কর্মসূচিতে বার্তা শিশিরের
তিনি বলেন, এখানে বিজেপি কোথায়। অহেতুক ওইসব আজগুবি রটনা করে বিব্রত করা ছাড়া কিছু নয়। আমরা মানুষের পাশে থাকি, আমাদের নামে কুৎসা করে অপপ্রচার করে কোনও লাভ হবে না। এদি প্রশান্ত কিশোরের কর্মসূচি অংশ নিয়ে তিনি তাঁর ভূয়সী প্রশংসা করেছেন।












Click it and Unblock the Notifications