মতুয়া ভোট ধরে রাখাই লক্ষ্য! এসআইআর নিয়ে অনশনের পথে মমতাবালা
এসআইআর বিতর্কে মতুয়া গড় যেন ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে। আগামী দিনেও যে এই উত্তাপ বজায় থাকবে তা বলাই বাহুল্য। যেমন এদিন মতুয়া সম্প্রদায়ের কোনও সদস্যের নাম ভোটার তালিকা থেকে বাদ না দেওয়ার দাবিতে তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতাবালা ঠাকুর আমরণ অনশনের ডাক দিয়েছেন। তাঁর আশঙ্কা হচ্ছে, এসআইআর হলে বহু মতুয়া ভোটারের নাম বাদ পড়তে পারে।
আগামী ৫ নভেম্বর থেকে ঠাকুরনগরে মতুয়া ঠাকুরবাড়ির বড়মা বীণাপানি দেবীর ঘরের সামনে এই অনশন কর্মসূচি শুরু হবে। মমতাবালা ঠাকুর জানিয়েছেন, মতুয়া সম্প্রদায়ের এক ইঞ্চি জমিও ছাড়া হবে না এবং তাঁরা প্রবল প্রতিবাদ করবেন।

এদিন শনিবার বনগাঁয় দাঁড়িয়ে মমতাবালা ঠাকুর বলেন, এসআইআর হলে উত্তর ২৪ পরগনার বিপুল সংখ্যক মতুয়া ভোটারের নাম বাদ পড়ার সম্ভাবনা রয়েছে। এর ফলে পরবর্তীতে তাদের নাগরিকত্ব নিয়েও প্রশ্ন উঠতে পারে। তাঁর অভিযোগ, বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর এবং সেই দলের অন্যান্য নেতারা এসআইআর নিয়ে ভুল তথ্য ছড়িয়ে বিভ্রান্তি তৈরি করছেন। সব মতুয়াদের এর বিরুদ্ধে প্রতিবাদ করা উচিত।
বিহারের পর বাংলা সহ ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর প্রক্রিয়া শুরু হচ্ছে। আগামী ৪ নভেম্বর, মঙ্গলবার থেকে বিএলও-রা বাড়ি বাড়ি গিয়ে এই কাজ শুরু করবেন। সেদিনই তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এসআইআর-এর প্রতিবাদে পথে নেমে প্রতিবাদ করবেন।
উত্তর ২৪ পরগনা ও নদিয়ায় সীমান্ত এলাকায় মতুয়াদের একটা বড় অংশের বাস। এই নতুন প্রক্রিয়ায় তাদের ওপর কতটা প্রভাব ফেলে সেদিকেই এখন সকলের নজর রয়েছে।












Click it and Unblock the Notifications