বিজেপি-র রথযাত্রায় তুরুপের তাস কি কুমার সানু! কোন পথে এগোচ্ছে গেরুয়া-স্ট্র্যাটেজি
পূর্বভারতে থাবা বসাতে মরিয়া পদ্ম শিবির। আর সেই লক্ষ্যে ২০১৯ লোকসভা নির্বাচনের আগে একের পর স্ট্র্যাটেজি নিয়ে এগিয়ে চলেছে রাজ্য বিজেপি। বঙ্গ বিজেপি-র আসন্ন রথযাত্রা ইতিমধ্যেই সংবাদ শিরোনাম কেড়ে নিয়েছে
পূর্বভারতে আরও জমি শক্ত করতে মরিয়া পদ্ম শিবির। আর সেই লক্ষ্যে ২০১৯ লোকসভা নির্বাচনের আগে একের পর স্ট্র্যাটেজি নিয়ে এগিয়ে চলেছে বিজেপি। বঙ্গ বিজেপি-র আসন্ন রথযাত্রা ইতিমধ্যেই সংবাদ শিরোনাম কেড়ে নিয়েছে। এবার এই রথযাত্রা ও বক্তাদের তালিকা কার্যত ফাইনাল করে ফেলল রাজ্য বিজেপি। আর সেই তালিকায় বিজেপির তাবড় নেতারা যেমন থাকছেন, তেমনই বড়সড় চমক হিসাবে থাকছেন বিজেপি-র বহু নাম সদস্যও।

রথযাত্রায় কুমার সানু!
সূত্রের দাবি, বিজেপি-র রথযাত্রায় শ্রীরামপুর ও শিলিগুড়ির সভায় বক্তা হিসাবে থাকতে চলেছেন সঙ্গীতশিল্পী কুমার সানু। উল্লেখ্য গত ২০১৪ সালেই বিজেপিতে যোগ দিয়েছিলেন এই প্রখ্যাত গায়ক। আর রথযাত্রায় বিশেষ ভূমিকায় কুমার সানুর উপস্থিতির খবর ছড়াতেই তাঁর প্রার্থী পদ নিয়ে জল্পনা তুঙ্গে উঠেছে। উল্লেখ্য, এর আগে আসানসোলে গায়ক বাবুল সুপ্রিয়কে প্রার্থী হিসাবে রেখে কিস্তিমাত করে গেরুয়া শিবির। এরপরও কি একই পথে হেঁটে প্রার্থীপদের টিকিট কুমার সানুর হাতে তুলে দিতে চলেছে দল? এখন এটাই লাখ টাকার প্রশ্ন।

রথযাত্রার উদ্বোধনে অমিত শাহ
বিজেপি সূত্রের খবর, তিনটি রথযাত্রার উদ্বোধন করবেন বিজেপি-র সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। রাজ্যে রথযাত্রার পথে লোকসভা আসনের ভিত্তিতে বেছে নেওয়া হয়েছে বিজেপির সভাস্থল। মোট ৪২ টি সভাস্থল বেছে নিয়েছে বিজেপি।

বক্তব্য রাখবেন কারা?
বিজেপি-র পক্ষ থেকে একাধিক প্রথম সারির নেতা রথযাত্রা উপলক্ষ্যে বাংলায় হাজির থাকতে চলেছেন। রাজনাথ সিং, অরুণ জেটলি, পীযূষ গোয়েল, নির্মলা সীতারমণ, সুরেশ প্রভু, স্মৃতি জুবিন ইরানি, নীতিন গডকড়ি, উমা ভারতীর পাশাপাশি দেবেন্দ্রে ফড়নবিশকেও এই রথযাত্রায় সভাস্থলে বক্তব্য রাখতে দেখা যাবে।

রথযাত্রার সমাপ্তিতে চমক!
বিজেপি-র এই রথ যাত্রার সমাপ্তি হতে চলেছে ব্রিগেডে। সেদিন ব্রিগেডের সমাবেশে প্রধানমন্ত্রী মোদীর উপস্থিত থাকবার কথা শেনা যাচ্ছে। তবে এবিষয়ে নির্দিষ্টভাবে কোনও তথ্য মেলেনি।












Click it and Unblock the Notifications