Shankar Ghosh: এবার শিলিগুড়ি থেকে কলকাতা রাতেও ট্রেন! বিজেপি বিধায়কের আবেদনে কী উত্তর দিলেন রেলমন্ত্রী?
Shankar Ghosh: রাতে উত্তরবঙ্গ থেকে কলকাতা আসার ট্রেন প্রায় নেই বললেই চলে। শিলিগুড়ি ও কলকাতার মাঝে একগুচ্ছ ট্রেন চললেও রাতে তা নেই। ফলে জরুরি কাজে উত্তরবঙ্গ যেতে হলে বা কলকাতা আসতে হলে বহু কাঠখড় পোড়াতে হয়। আর এনিয়েই কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে (Ashwini Vaishnav) চিঠি লেখেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ।
শিলিগুড়ির বিজেপি বিধায়ক জানান, রাত আটটা চল্লিশের পদাতিক এক্সপ্রেস চলে গেলে আবার পরের দিনের ট্রেনের জন্য অপেক্ষা করতে হয়। রাত সাড়ে আটটার পর এনজেপি থেকে আর কোনও ট্রেন নেই। রাতে কলকাতা যাওয়ার জন্যে বিমান পরিষেবাও নেই। তাই বাসের উপর ভরসা করতে হয় মানুষকে। কিন্তু রাতের বাসের ভাড়াও লাফিয়ে বেড়ে গিয়েছে।

রাত ১০টার পর এনজেপি থেকে কলকাতাগামী ট্রেন পরিষেবার দাবি বহু দিনের। সেই বিষয়টি মাথায় রেখে সম্প্রতি শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে রাত্রিকালীন ট্রেন পরিষেবার আবেদন জানানোর পাশাপাশি আরও বেশ কয়েকটি দাবি জানিয়ে স্মারকলিপি প্রদান করেন। বিজেপি বিধায়কের চিঠির উত্তরও দিয়েছেন রেলমন্ত্রী
বিধায়কের চিঠি মতো রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব শিলিগুড়ি থেকে কলকাতাগামী রাত্রিকালীন ট্রেন পরিষেবার বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরকে তথ্য সংগ্রহের নির্দেশ দিয়েছেন। বিশেষ করে রাত সাড়ে ১০টার পর যাতে এনজেপি থেকে শিয়ালদহ অথবা কলকাতা স্টেশনে ট্রেন পরিষেবা দেওয়া যায় কিনা, সেই বিষয়টি বিস্তারিতভাবে খতিয়ে দেখার জন্য সংশ্লিষ্ট অধিদপ্তরকে নির্দেশ দিয়েছেন রেলমন্ত্রী।
রেলমন্ত্রীর তরফ থেকে সেই সংক্রান্ত চিঠি পেয়ে আপ্লুত শঙ্কর ঘোষ। রেলমন্ত্রীর পাশাপাশি সাংসদ রাজু বিস্তা, জয়ন্ত রায়-সহ শমীক ভট্টাচার্যকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। এদিন শঙ্কর ঘোষ বলেন, "উত্তরবঙ্গবাসীর প্রতি রেলমন্ত্রীর যে সহমর্মিতা, তা আমাকে ভীষণভাবে আকৃষ্ট করেছিল। ওনার চিঠি এসেছে। রাত সাড়ে ১০টার পর কলকাতার সঙ্গে সংযোগকারী একটি ট্রেন চালু করার জন্য সংশ্লিষ্ট দফতরকে তথ্য সংগ্রহের নির্দেশ দিয়েছেন উনি। আশা করছি আমার বাকি দাবিগুলিও রেলমন্ত্রী সহানুভূতির দৃষ্টিতে দেখবেন।"












Click it and Unblock the Notifications