শুভেন্দু পোস্ট করেছিলেন ভিডিও, পাল্টা জবাব দিলেন কুণাল
বিজয়া দশমীর রাতেই লেগে গেল। টুইট আর পালটা টুইট৷ কলকাতার সন্তোষ মিত্র স্কোয়ারের এবারের মণ্ডপ রামমন্দির৷ সেখানে বিজয়া দশমী উপলক্ষ্যে ভক্তকূলের উন্মাদনার একটি ভিডিও প্রকাশ পেয়েছে। যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি ওয়ান ইন্ডিয়া বাংলা।
রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ওই ভিডিও এক্স হ্যান্ডেল ও ফেসবুক একাউন্ট থেকে পোস্ট করেছেন। তারই পালটা দিয়েছেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। বাংলায় কণ্ঠরোধ থেকে বাকস্বাধীনতা প্রসঙ্গ উঠে এসেছে দুটি টুইটে। আর সেই নিয়েই পুজো কাটতে শুরু হয়েছে নারদ নারদ।

একটি ভিডিও প্রকাশ করেছেন শুভেন্দু। সেখানে বহু মানুষ গানের সঙ্গে নাচছেন। বলা ভালো রামের গানের অংশ শোনা যাচ্ছে সেই ভিডিওর মধ্যে। সেই গানেই নাচছেন অগণিত মানুষ।
শুভেন্দু অধিকারী সেই ভিডিও পোস্ট করেছেন। শুধু তাই নয়, লিখেছেন, তোলামূলীরা ভাববেন না এই ভিডিও উত্তরপ্রদেশ, বিহারের। এটা আমাদের পশ্চিমবঙ্গ। ভগবান রামকে শ্রদ্ধা জানানোর জন্য আয়োজকদের ধন্যবাদ। বাংলা ঠিক রাস্তাতেই আছে। জয় শ্রীরাম।
এই পোস্টের কয়েক ঘণ্টা পরেই পালটা দিয়েছেন কুণাল ঘোষ। তিনিও মন্তব্য করেছেন এক্স হ্যান্ডেলে। কুণাল লিখেছেন, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ঠিক বলেছেন। এটা বাংলার দৃশ্য। এখানে মানুষের বাক স্বাধীনতা আছে। অবাধে নিজেদের ধর্মপালনের অধিকার আছে। বিজেপি শাসিত রাজ্যগুলিতে নেই।
কুণাল ঘোষ আরও লিখেছেন, আমরা আমাদের উৎসবে সাম্প্রদায়িকতার রঙ চড়াই না। ধর্মবিশ্বাস ব্যক্তিগত। উৎসব সর্বজনীন। দশমীর রাত থেকেই ফের শুরু হয়ে গেল রাজনৈতিক তরজা। এমনিতেই এবারের দুর্গাপুজো নিয়ে রাজনৈতিক রঙ চড়ছিল শুরু থেকেই।
সন্তোষ মিত্র স্কোয়ারে রাম মন্দিরের আদলে মণ্ডপ করা হয়। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই পুজোর উদ্বোধন শশরীরে করেন। জেপি নাড্ডা সহ অন্যান্য কেন্দ্রীয় নেতারাও এই পুজোয় হাজির হয়েছিলেন। এছাড়াও শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, রাহুল সিনহা সহ একাধিক নেতৃত্বও যান। এই মণ্ডপ ঘিরেই যেন রাজ্যের সঙ্গে দ্বৈরথ শুরু হয়েছিল পদ্ম শিবিরের৷
সেই তরজা যে আরও দীর্ঘ হল, তা বলার অপেক্ষা রাখে না। দুর্গাপুজোর আবহতেই সুর চড়ল রাজনীতির।












Click it and Unblock the Notifications