দীপক ঘোষের বই থেকে পড়ে শোনাব নাকি, মমতাকে পাল্টা হমকি বিজেপি-র

নরেন্দ্র মোদীকে ইতিমধ্যে 'দাঙ্গাবাজ', 'গুজরাতের কসাই', 'গাধা', 'হরিদাস পাল' ইত্যাদি বাছা বাছা বিশেষণে ভূষিত করেছে তৃণমূল কংগ্রেস। তার ওপর গতকাল রাজ্যে জনসভা করতে এসে বাংলাদেশি অনুপ্রবেশ, সারদা কেলেঙ্কারি, ক্রমবর্ধমান নারী নির্যাতন ইত্যাদি নিয়ে বেঁধেন মুখ্যমন্ত্রীকে। তাতে মমতা বন্দ্যোপাধ্যায় আরও চটে যান। সন্ধেয় একটি জনসভায় তিনি একটি সিডি তুলে ধরে বলেন, "নরেন্দ্র মোদীর কুকীর্তি এখানে ধরা আছে। সব ফাঁস করে দেব।"
এর জবাবে পাল্টা মুখ খোলেন তথাগতবাবু। একটি বেসরকারি চ্যানেলে প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি বলেন, "উনি কি ভয় দেখাচ্ছেন? নোংরা রাজনীতি শুরু করেছেন। কী বলছেন, ভেবে বলছেন না। যদি দীপক ঘোষের বই থেকে লাইন ধরে ধরে পড়তে শুরু করি, তা হলে ওঁর মুখোশ খুলে যাবে। সেটা নিশ্চয় মমতা বন্দ্যোপাধ্যায়ের পছন্দ হবে না। কিন্তু আমরা নোংরা রাজনীতিতে বিশ্বাস করি না। তাই সৌজন্য দেখাচ্ছি।" পাশাপাশি বিদ্রূপ করে তিনি বলেন, "কথায় কথায় উনি হরিদাস পাল বলছেন। জানেন কি, হরিদাস ওঁর অর্থমন্ত্রী অমিত মিত্রর বাবার নাম? অবশ্য সেই হরিদাসবাবু খুব পণ্ডিত লোক ছিলেন।"
প্রসঙ্গত, দীপক ঘোষ হলেন প্রাক্তন আইএএস। তৃণমূল কংগ্রেসের টিকিটে তিনি বিধায়কও হয়েছিলেন। দীর্ঘদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়াসঙ্গী ছিলেন। সিঙ্গুর-নন্দীরগ্রাম আন্দোলনে অংশ নিয়েছিলেন। কিন্তু 'দলবিরোধী' কার্যকলাপের অভিযোগে তিনি বহিষ্কৃত হন। এর পর ২০১২ সালের মে মাসে 'মমতা ব্যানার্জি অ্যাজ আই হ্যাভ নোন হার অর দ্য গডেস দ্যাট ফেইলড' শীর্ষক একটি বই বের করেন তিনি। এই বইটির বঙ্গানুবাদও পরে বেরোয়, 'মমতা বন্দ্যোপাধ্যায়কে যেমন দেখেছি'।
'কলকাতা প্রকাশন' কর্তৃক প্রকাশিত এই বইয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত জীবনের অনেক অজানা কাহিনী তুলে ধরেছেন দীপকবাবু। নানা বিস্ফোরক তথ্য রয়েছে তাতে। আর তাই মমতা বন্দ্যোপাধ্যায়কে চাপে ফেলতে পাল্টা কৌশল নিল বিজেপি।












Click it and Unblock the Notifications