বিধানসভা ভোটের আগে গঙ্গাসাগরে গুলিকাণ্ড, গুরুতর জখম বিজেপি নেতা
গঙ্গাসাগরে সকালে চাঞ্চল্য ছড়াল গুলিকাণ্ডে। বিজেপি নেতা ত্রিলোকেশ ঢালিকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। গুরুতর জখম অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজনৈতিক তরজা শুরু হয়েছে এলাকায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গঙ্গাসাগর কোস্টাল থানার অন্তর্গত শ্রীধাম বাসস্ট্যান্ডের কাছে বুধবার সকাল প্রায় আটটা নাগাদ এই হামলার ঘটনা ঘটে। অভিযোগ, বাইকে চেপে দুই দুষ্কৃতী এসে আচমকাই ত্রিলোকেশ ঢালির দিকে গুলি চালায়। গুলি তাঁর বুকে লাগে। রক্তাক্ত অবস্থায় তিনি রাস্তায় লুটিয়ে পড়েন।

স্থানীয় বাসিন্দারা দ্রুত তাঁকে উদ্ধার করে সাগর গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন তিনি। তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলেই জানা গিয়েছে।
এই ঘটনার নেপথ্যে কারা রয়েছে, তা এখনও স্পষ্ট নয়। তবে ত্রিলোকেশ ঢালির পরিবারের অভিযোগ, তৃণমূল ঘনিষ্ঠ দুষ্কৃতীরাই এই হামলার সঙ্গে জড়িত। আহত নেতার ছেলে ত্রিদীপ ঢালির দাবি, আগে এলাকায় এমন দুষ্কৃতীদের দাপট ছিল না, কিন্তু সাম্প্রতিক সময়ে অপরাধমূলক কার্যকলাপ বেড়েছে।
ত্রিদীপের আরও দাবি, আসন্ন বিধানসভা নির্বাচনে তাঁর বাবার প্রার্থী হওয়ার সম্ভাবনা ছিল। বিজেপির টিকিট পাওয়ার সম্ভাবনাকে কেন্দ্র করেই পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে বলে তাঁদের সন্দেহ।
যদিও হামলার সঠিক কারণ এখনও পরিষ্কার নয়। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে বলে জানা গিয়েছে।












Click it and Unblock the Notifications