‘বাংলা হারাল একজন কমপ্লিট পলিটিক্যাল ম্যানকে’, প্রিয়-স্মৃতিতে মুহ্যমান শোভনদেব
প্রিয়রঞ্জন দাশমুন্সির মৃত্যুতে বাংলা হারাল একজন পরিপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্বকে। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ শোভনদেব চট্টোপাধ্যায়ের
বঙ্গ রাজনীতির তারকা পতন হল সোমবার। ন-বছরের জীবনযুদ্ধে অবশেষে হার মানলেন প্রিয়রঞ্জন দাশমুন্সি। সেইসঙ্গে কংগ্রেস হারাল সাম্প্রতিক সময়ের সবথেকে বড় তারকাকে। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ শোভনদেব চট্টোপাধ্যায় জানালেন, বাংলা হারাল একজন কমপ্লিট পলিটিক্যাল ম্যানকে।

তিনি এদিন বলেন, বাংলার রাজনীতিতে আজ বিশেষ দুঃখের দিন। প্রিয়দার মতো মানুষ আজ নেই। আজ বড় মনে হচ্ছে সেইসব দিনগুলোর কথা। তাঁর নেতৃত্বেই রাজনীতিতে লড়াই করেছিলাম। রাস্তায় ডিবে নাড়িয়ে পয়সা তুলছিলাম, তখনই পরিচয় হয়েছিল প্রিয়রঞ্জন দাশমুন্সির সঙ্গে। তারপর একসঙ্গে চলেছি কত পথ।
শোভনদেব বলেন, তিনি যা দায়িত্ব দিয়েছিলেন অক্ষরে অক্ষরে পালন করেছি। তাঁর কাছ থেকে শিখেছি অনেক কিছুই। কীভাবে মনোমুগ্ধকর বক্তব্যে মানুষকে প্রভাবিত করতে হয়, তা প্রিয়দার মতো ভালো কেউ পারতেন না। সেই শিক্ষা নেওয়ার চেষ্টা করেছি। শুধু তো বাগ্মী ছিলেন না, ছিলেন বিরাট সংগঠকও।
সেইসঙ্গে সংস্কৃতিমনা মানুষ ছিলেন প্রিয়রঞ্জন। দক্ষিণী বার্তা বলে একটি কাগজ চালাতেন। সেই কাগজে আমি ছিলাম নিয়মিত লেখক। বইও লিখেছিলেন। তাঁর সাংস্কৃতিক ও রাজনৈতিক জীবনের সমন্বয় ছিল সর্বাঙ্গ সুন্দর। তাঁর প্রয়াণ বাংলা রাজনীতির জগত হারাল একজন কমপ্লিট পলিটিক্যাল ম্যানকে।












Click it and Unblock the Notifications