Sheikh Shahjahan: 'যারা হামলা করেছে ভুল করেছে', ED-র জেরায় চাঞ্চল্যকর দাবি শেখ শাহজাহানের
ইডির জেরায় একের পর এক চাঞ্চল্যকর দাবি করে চলেছেন সন্দেশখালির বাঘ। তিনি দাবি করেছেন, ইডির উপর যাঁরা হামলা করেছে তাঁরা ঠিক করেননি। এদিকে ইডির উপরে হামলা চালানোর অভিযোগ রয়েছে শাহজাহান শেখের বিরুদ্ধে। নিজের বাড়ি থেকেই ফোনে ইডির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার নির্দেশ দিয়েছিলেন শাহজাহান শেখ তদন্তে এমনই জানতে পেরেছে সিবিআই।
এদিকে ইডির সেকথা একেবারেই অস্বীকার করেছেন সন্দেশখালির বাঘ। উল্টে ইডির উপর হামলার নিন্দা করেছেন তিনি। সেই সঙ্গে শাহজাহান শেখ দাবি করেছেন তিনি রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার। কারোর জমি তিনি কেড়ে নেননি। সকলের জমিই তিনি ফিরিয়ে দিয়েছেন। কারোর একটুকরো জমি তিনি দখল করেননি।

রেশন দুর্নীতি কাণ্ডের তদন্তে নেমে প্রথমে শাহজাহান শেখের কথা জানতে পারে ইডি। রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ ছিলেন সন্দেশখালির তৃণমূল কংগ্রেস নেতা শাহজাহান শেখ। সরবেড়িয়ায় তাঁর বাড়িতে তল্লাশি চালাতে গিয়েই আক্রান্ত হতে হয়েছিল ইডি অফিসারদের। তার পরের ঘটনা সকলের জানা। কীভাবে সন্দেশখালির মহিলারা রাস্তায় নেমে শাহজাহান শেখ এবং তাঁর দলবলের কুকীর্তি ফাঁস করে।
প্রায় ৫৫ দিন নিখোঁজ থাকার পর বসিরহাট থানার পুলিশ তাঁকে গ্রফতার করে মিনাখাঁ থেকে। তারপরে বসিরহাট আদালতের নির্দেশে সিআইডি হেফাজতে নেয় তাঁকে। সেখান থেক সিবিআই শাহজাহান শেখকে হেফাজতে নেয়। সিবিআই তদন্ত ভার নেওয়ার পরেই সন্দেশখালিতে গিয়ে খোঁজ খবর শুরু করে। সেখানে গিয়ে তদন্তকারীরা জানতে পেরেছিলেন যে ইডির উপর হামলার দিন নিজের বাড়ি পিছনেই ছিলেন শাহজাহান শেখ এবং সেখান থেকেই ফোন করে ইডিকে ঘেরাওয়ের নির্দেশ দিয়েছিলেন।
ইডি হেফাজতে নিয়ে তাঁকে দফায় দফায় জেরা করেছে। সিবিআই যার মুখ দিয়ে একটি শব্দও বলাতে পারেনি। চরম অসহযোগিতার অভিযোগ করেছিল। ইডির কাছে সেই শেষ শাহজাহানই মুখ খুলেছেন। এবং ইডির উপর হামলায় তাঁর কোনও ভূমিকা ছিল না বলে বারবার দাবি করেছেন। তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে বলেও ইডিকে জানিয়েছেন তিনি। ইডির উপর হামলার রীতিমতো নিন্দা করেছেন শেখ শাহজাহান।
ইডির কাছে শেখ শাহজাহান বলেছেন, তিনি কারোর একটুকরো জমি দখল করেননি। সারাজীবন মানুষের কল্যাণে কাজ করে গিয়েছেন। উল্টে এলাকার লোকে তাঁকে ভালবাসে বলে দাবি করেছেন তিনি। জমি দখল করা তো দূরের কথা কেউ জমি দখল করেছে অভিযোগ করলে নাকি তিনি বিচার করে দিতেন। এবং যাঁর জমি তাঁকে ফিরিয়ে দিতেন।
এদিকে সন্দেশখালির মহিলারা রাস্তায় নেমে শাহজাহান শেখের বিরুদ্ধে যে নির্যাতনের অভিযোগ করেছিলেন সেটা একেবারেই মিথ্যে বলে তিনি দাবি করেছেন। কোনও মহিলার সঙ্গে তিনি কোনও রকম খারাপ আচরণ করেননি বলে পাল্টা ইডি জেরায় দাবি করেছেন সন্দেশখালির বাঘ।












Click it and Unblock the Notifications