প্রমাণ দেবেন অমিত শাহ মিথ্যাবাদী, বিজেপি চিটিংবাজ পার্টি! আর কী বললেন বিস্ফোরক মমতা
প্রমাণ দেবেন অমিত শাহ মিথ্যাবাদী! বিজেপি চিটিংবাজ পার্টি, আর কী বললেন বিস্ফোরক মমতা
নবান্নে সাংবাদিক সম্মেলন। সেখান থেকেই বিজেপিকে (bjp) চিটিংবাজ পার্টি বলে আক্রমণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (mamata banerjee)। পাশাপাশি অমিত শাহকেও মিথ্যাবাদী বলে আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী। রাজ্য সরকারকে এড়িয়ে কেন্দ্রীয় সরকার কাজ করছে বলেও অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী।

অমিত শাহের আক্রমণ
রাজ্যে এসে অমিত শাহ একাধিক বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের প্রতি আক্রমণ শানিয়েছিলেন। প্রথমেই তিনি বলেছিলেন, কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আয়ুষ্মাণ ভারত এবং পিএম কিষাণ প্রকল্প থেকে রাজ্যের মানুষকে বঞ্চিত করার অভিযোগ তিনি করেছিলেন। পাশাপাশি অমিত শাহ দাবি করেছিলেন, গত দেড় বছরে ৩০০ বিজেপি কর্মীকে হত্যা করা হয়েছে। করোনা পরিস্থিতিতে কেন্দ্রের পাঠানো খাদ্যশস্য লুট করা হয়েছে বলেও অভিযোগ করেছিলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার বাংলা সফরে, তাঁর জন্য পর্যাপ্ত নিরাপত্তার বন্দোবস্ত করা হয়নি বলে অভিযোগ করেছিলেন অমিত শাহ। তিনি আরও বলেছিলেন আবাস যোজনায় বাংলার গরিব মানুষদের জন্য বাড়ি তৈরির বন্দোবস্ত করেছে নরেন্দ্র মোদী সরকার। ইতিমধ্যেই এনিয়ে একদফা প্রতিবাদ করেছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও'ব্রায়েন।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে আক্রমণ
এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, রাজ্য যে ক্ষুদ্র ও মাঝারি শিল্পে দেশের একনম্বর, এই তথ্য দিয়েছে কেন্দ্রীয় সরকারই। তিনি বলেছেন, মঙ্গলবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকের পরে প্রমাণ-সহ সব তথ্য তিনি দেবেন। তথ্য যাচাই না করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে মনগড়া তথ্য পেশ করার অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। স্বরাষ্ট্রমন্ত্রী মিথ্যা কথা বলছেন, বলেও মন্তব্য করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন স্বরাষ্ট্রমন্ত্রীর মুখে রাজনীতির কথা মানায় না।

বিজেপি চিটিংবাজ পার্টি
এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন. রাজনীতির জন্য বিজেপি সবকিছু করতে পারে। এরপরেই তিনি বিজেপিকে চিটিংবাজের দল বলে মন্তব্য করেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী এদিন দাবি করেন, কেন্দ্রের আয়ুষ্মাণ ভারত প্রকল্পের থেকে রাজ্যের স্বাস্থ্যসাথী প্রকল্পের উপভোক্তার সংখ্যা অনেক বেশি।

বিজেপি নাগরিকদের ভাগ্য নির্ধারণ করতে পারে না
রবিবার অমিত শাহকে প্রশ্ন করা হয়েছিল সিএএ কবে থেকে কার্যকর করা হবে। উত্তরে অমিত শাহ বলেছিলেন দেশে করোনা ভাইরাসের ভ্যাকসিন দেওয়ার কাজ শেষ হলেই, তা শুরু করা হবে। এব্যাপারে এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, দেশের নাগরিকদের ভাগ্য নির্ধারণ করতে পারে না বিজেপি। তিনি বলেন, সিএএ, এনআরসি মানবেন না। পাশাপাশি তিনি আরও বলেন, রবীন্দ্রনাথকে নিয়ে কোনও অবমাননা মানা হবে না।












Click it and Unblock the Notifications