শ্যামপুকুরে বিজেপি নেতা খুনে মামলা দায়ের কলকাতা হাইকোর্টে
শ্যামপুকুরে বিজেপি যুব নেতাকে অপহরণের অভিযোগে এবং নিখোঁজ যুব নেতার সন্ধান পেতে মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে। বৃহস্পতিবার বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায় ও বিচারপতি শুভাশীষ দাশ গুপ্তের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।

এদিন মামলা দায়েরের পর মামলাকারীর পক্ষে আইনজীবী জানান, বৃহস্পতিবার বিজেপির নবান্ন অভিযান উপলক্ষে বিজেপি যুব মোর্চার পক্ষ থেকে মঙ্গলবার কলকাতার ৭ নম্বর ওয়ার্ডের শ্যামপুকুর থানা এলাকার বাগবাজার স্ট্রিটে করোনা বিধি একটি সভার আয়োজন করা হয়। ওই সভায় উপস্থিত ছিলেন বিজেপি মন্ডল সদস্য তথা যুবনেতা পঙ্কজ সিংহানিয়া।
আইনজীবী আরও জানান, ওই সভা থেকে বাড়ি ফেরার পথে একটি গাড়িতে করে কয়েকজন এসে তাকে জোর করে তুলে নিয়ে যায়। এরপরে বিজেপির কর্মী-সমর্থকেরা ও পরিবারের লোকজন শ্যামপুকুর থানায় লিখিত অভিযোগ জানাতে গেলে পুলিশ অভিযোগ নিতে অস্বীকার করে।
এবং ই-মেইল মারফত অভিযোগ করার কথা জানানো হয় পুলিশের পক্ষ থেকে। অভিযোগ করা হলেও পুলিশ কোনো পদক্ষেপ নেয় না বলে অভিযোগ আইনজীবীর। নিখোঁজ বিজেপির যুব নেতা কোথায় আছেন, তার সন্ধান পেতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় বিজেপি। বুধবার বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে এই ঘটনার প্রসঙ্গে উল্লেখ করে মামলা দায়েরের অনুমতি চান আইনজীবীরা। ডিভিশন বেঞ্চ মামলা দায়েরের অনুমতি দিলে এদিন জরুরী ভিত্তিতে মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে।
অন্যদিকে, এই ঘটনার প্রেক্ষিতে এদিন বিজেপির কর্মী-সমর্থকেরা শ্যামপুকুর থানা ঘেরাও করেন বলে বিজেপি সূত্রে জানা গিয়েছে। বিজেপির অভিযোগ, নানা ভাবে বৃহস্পতিবারের নবান্ন অভিযান বানচাল করার চেষ্টা চলছে। সেজন্যই যুব নেতাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। তবে তাঁকে মুক্তি না দিলে বৃহত্তর আন্দোলন হুঁশিয়ারি দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।












Click it and Unblock the Notifications