এনডিএর মন্ত্রিসভায় জায়গা পেলেন শান্তনু ঠাকুর ও সুকান্ত মজুমদার, কে কোন দফতর পেলেন?
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্ত্রিসভায় ঠাঁই পেলেন দুজন। তাঁরা পূর্ণ দফতরের মন্ত্রী হননি ঠিকই। তবে প্রতিমন্ত্রী হিসেবে তাঁরা জায়গা পেয়েছেন। শান্তনু ঠাকুর ও সুকান্ত মজুমদার গতকাল শপথবাক্য পাঠ করেছিলেন। তারপর থেকেই তাঁদের নিয়ে শুরু হয়েছিল আলোচনা।
আজ সোমবার সন্ধ্যায় মন্ত্রিসভার বৈঠক ছিল। কে কোন মন্ত্রক পাবেন? সেই কথা জানিয়ে দেওয়া হয়। শান্তনু ঠাকুর ও সুকান্ত মজুমদার কোন দফতর পাবেন? তাই নিয়ে চর্চা চলছিল। শেষ খবর পাওয়া পর্যন্ত জানা গিয়েছে দুজনেই প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন।

শান্তনু ঠাকুর গত মন্ত্রিসভায় কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রীর দায়িত্ব সামলেছেন। এবারেও তাঁকে সেই মন্ত্রকের দায়িত্ব দেওয়া হয়েছে বলে খবর। সুকান্ত মজুমদার গত বার সাংসদ থাকলেও কোনও মন্ত্রিত্ব পাননি। তিনি বাংলার বিজেপির রাজ্য সভাপতি পদ সামলেছেন। এবার সুকান্ত মজুমদার প্রতিমন্ত্রী হয়েছেন। শিক্ষা ও উত্তর পূর্ব ভারত উন্নয়ন দুটি মন্ত্রকের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পাচ্ছেন।
বাংলায় বিজেপি এবার খারাপ ফল করেছে লোকসভা নির্বাচনে। ২০১৯ সালে ২১ টি আসন পেয়েছিল বিজেপি৷ একাধিক প্রতিমন্ত্রী মোদী মন্ত্রিসভায় জায়গা পেয়েছিলেন। বাঁকুড়ার সুভাষ সরকার শিক্ষা প্রতিমন্ত্রী হন। অমিত শাহের ডেপুটি করা হয়েছিল কোচবিহারের নিশীথ প্রামাণিককে। মন্ত্রক পেয়েছিলেন উত্তরবঙ্গের দেবশ্রী চৌধুরীও। তবে এবার তাঁরা প্রত্যেকেই নির্বাচনে হেরে গিয়েছেন।
হুগলি থেকে হেরে গিয়েছেন গতবারের বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়ও৷ হাতে গোনা বিজেপি সাংসদ এবার দিল্লি গিয়েছেন বাংলা থেকে। রাজ্যের থেকে মাত্র দু'জন প্রতিমন্ত্রী হলেন। এবারও বিষ্ণুপুর থেকে জিতেছেন সৌমিত্র খাঁ। তিনি আশা করেছিলেন এবার মন্ত্রিত্ব পাবেন। কিন্তু এবারও তাঁর আশা পূরণ হল না। বিষয়টি নিয়ে কিঞ্চিৎ তিনি রুষ্ট। এই কথাও শোনা গিয়েছে।












Click it and Unblock the Notifications