বাংলার ৮ জেলায় তীব্র তাপপ্রবাহের সতর্কবার্তায় রেড ওয়ার্নিং আবহাওয়া দফতরের! তাপমাত্রা হ্রাসেরও পূর্বাভাস
আবহাওয়া দফতরের তরফে পশ্চিমবঙ্গের আট জেলায় তীব্র তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করা হয়েছে। দক্ষিণের জেলাগুলির পাশাপাশি উত্তরের জলপাইগুড়ি, কোচচবিহার এবং আলিপুরদুয়ারে গরম এবং অস্বস্তির আবহাওয়ার ব্যাপারেও সতর্ক করা হয়েছে।
আবহাওয়া দফতর জানিয়েছে, ১৯ ও ২০ এপ্রিল বুধবার বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, বীরভূমে এবং মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে তীব্র তাপপ্রবাহের পরিস্থিতি। যে কারণে আবহাওয়া দফতরের তরফে লাল সতর্কতা জারি করা হয়েছে। এই সময় দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে।

১৯ থেকে ২১ এপ্রিলের মধ্যে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে এবং ২০ এপ্রিল মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে তাপপ্রবাহের ব্যাপারেও সতর্ক করেছে আবহাওয়া দফতর। ১৯ থেকে ২১ এপ্রিলের মধ্যে রাজ্যের পার্বত্য এলাকা বাদ দিয়ে জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে তাপজনিত অস্বস্তির আবহাওয়ার কারণে হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে।
২০ এপ্রিল বৃহস্পতিবার তাপপ্রবাহজনিত কারণে মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরের জন্য অরেঞ্জ অ্যালার্ট দিয়েছে আবহাওয়া দফতর।

আবহাওয়া দফতর জানিয়েছে, রাজ্যের ওপরে মূলত উত্তর-পশ্চিমের শুকনো হাওয়ার উপস্থিতির কারণেই এই পরিস্থিতি। ১৯-২১ এপ্রিলের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন না হলেও, শনিবার ২২ এপ্রিল থেকে তাপমাত্রা ধীরে ধীরে ২-৩ ডিগ্রি সেলসিয়াস কমবে।
১৯ থেকে ২১ এপ্রিলের মধ্যে উত্তরের পার্বত্য এলাকা বাদ দিয়ে বাকি সব জেলার আবহাওয়া শুকনো থাকবে বলে পূর্বাভাসে বলা হয়েছে।
আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে ১৯ এপ্রিল দার্জিলিং এবং কালিম্পং-এ বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। ২০ এপ্রিল বৃহস্পতিবার এবং ২১ এপ্রিল শুক্রবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

২২ এপ্রিল শনিবার এবং ২৩ এপ্রিল রবিবার উত্তরবঙ্গের সবকটি জেলাতেই বৃষ্টির সম্ভাবনা। তবে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বৃষ্টির পরিমাণ বেশি হতে পারে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের।
আবহাওয়া দফতরের তরফে দক্ষিণবঙ্গের পূর্বাভাসে বলা হয়েছে ২০ এপ্রিল বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুরে হাল্কা বৃষ্টি হতে পারে। ২১ এপ্রিল শুক্রবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হয়ে পারে।
২২ এপ্রিল শনিবার এবং ২৩ এপ্রিল রবিবার বৃষ্টি হতে পারে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং নদিয়া জেলায়।












Click it and Unblock the Notifications