ফের জনপ্রতিনিধিদের বিজেপি সঙ্গ ত্যাগ! দলে দলে যোগ তৃণমূলে
রাত পোহালেই রাজ্যে আসছেন অমিত শাহ। কিন্তু তার আগেই কোচবিহার বিজেপিতে বড় ভাঙন।
রাত পোহালেই রাজ্যে আসছেন অমিত শাহ। কিন্তু তার আগেই কোচবিহার বিজেপিতে বড় ভাঙন। সূত্রের খবর অনুযায়ী, কোচবিহার ১ নম্বর ব্লকের জিরানপুর পঞ্চায়েতের ১০ জন পঞ্চায়েত সদস্য এবং ২ জন পঞ্চায়েত সমিতির সদস্য তৃণমূলে ফিরে এলেন। দলে ফিরে আসা জনপ্রতিনিধিদের হাতে পতাকা তুলে দেন স্থানীয় তৃণমূল নেতা তপন বর্মন এবং আশরাফুল আলি।

লোকসভা নির্বাচনে রাজ্যে কোচবিহার সহ ১৮ টি আসন পেয়েছিল বিজেপি। এরপরেই সেখানকার তৃণমূলের সংগঠনে ব্যাপক ভাঙন দেখা দেয়। পরবর্তী সময়ে জনসংযোগ কর্মসূচি হাতে নেয় তৃণমূল। প্রশান্ত কিশোরের হাত ধরে আসে দিদিকে বলো। ইতিমধ্যেই নাটাবাড়ি কেন্দ্রের তৃণমূল বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ দিদিকে বলো কর্মসূচিকে হাতিয়ার করে ধুরে ফেলেছেন নিজের বিধানসভা এলাকা। স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি এরফলেই সুফল মিলতে শুরু করেছে।
স্থানীয় তৃণমূল নেতৃত্বের অভিযোগ, লোকসভা নির্বাচনের পর থেকে তৃণমূলের টিকিটে জয়ী পঞ্চায়েতের জন প্রতিনিধিদের ব্যাপাক ভয় দেখানো শুরু করেছিল বিজেপির আশ্রিত দুষ্কৃতীরা। ফলে তারা বিজেপিতে যোগ দিতে বাধ্য হয়েছিলেন। এখন অবস্থার অনেকটাই পরিবর্তন হয়েছে বলে দাবি। অন্যদিকে বিজেপির তরফ থেকে তৃণমূলের অভিযোগ অস্বীকার করা হয়েছে।












Click it and Unblock the Notifications