গাজনের মেলায় সাইকেল থেকে পড়ল বোমা, বিস্ফোরণে জখম ৭
সাইকেল থেকে বোমাভর্তি ব্যাগ পড়ে গিয়ে তীব্র বিস্ফোরণে কেঁপে উঠল এলাকা। গাজনের মেলার সামনে জনবহুল এলাকায় বোমা ফেটে গুরুতর আহত হলেন সাতজন।
বর্ধমান, ১২ এপ্রিল : সাইকেল থেকে বোমাভর্তি ব্যাগ পড়ে তীব্র বিস্ফোরণে কেঁপে উঠল এলাকা। গাজনের মেলার সামনে জনবহুল এলাকায় বোমা ফেটে গুরুতর আহত হলেন সাতজন। আহদের মধ্যে রয়েছে তিন শিশুও। আশঙ্কাজনক দু'জন। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে বর্ধমানের কান্দারা গ্রামে। আহতদের আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়েছে কাটোয়া মহকুমা হাসপাতালে।

কান্দারার সাহাপাড়ায় চলছে শিবের গাজনের মেলা। মেলা উপলক্ষে বহু জন সমাগম এলাকায়। সেইসময়ই সাইকেলে করে বোমা ভর্তি ব্যাগ নিয়ে যাচ্ছিলেন দুই যুবক। আচমকাই সাইকেল থেকে বোমাভর্তি ব্যাগ পড়ে যায়। সঙ্গে সঙ্গে তীব্র বিস্ফোরণে কেঁপে ওঠে এলাকা। উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয়রাই আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। খবর দেওয়া হয় কেতুগ্রাম থানার পুলিশকে। পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে।
কেতুগ্রাম থানার পুলিশ তদন্তে নেমে জানতে পেরেছে, সাইকেলে করে বোমা পাচার করছিল দু'জন। সেই সময়ই সাইকেল থেকে ব্যাগ পড়ে গিয়ে বিপত্তি ঘটে। দুই বোমা পাচারকারীও জখম হয়েছে। তাদেরও জিজ্ঞাসাবাদ করা হবে সুস্থ হলেই। কোথা থেকে তারা বোমা নিয়ে আসছিল, কোথায় পাচার করা তাদের উদ্দেশ্য ছিল, তা জানার চেষ্টা চালাবে পুলিশ। এর পিছনে বড়চড় চক্র রয়েছে বলেও প্রাথমিক ধারণা বর্ধমান পুলিশের।












Click it and Unblock the Notifications