কুয়াশার জেরে ছ’নম্বর জাতীয় সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত ৪, জখম ৪০
ঘন কুয়াশার জেরে ভয়াবহ পথ দুর্ঘটনা। ছ’নম্বর জাতীয় দাঁড়িয়ে থাকা রড় বোঝাই ট্রেলারে ধাক্কা মারে বাস।
কলকাতা, ৭ জানুয়ারি : ঘন কুয়াশার জেরে ভয়াবহ পথ দুর্ঘটনা। ছ'নম্বর জাতীয় দাঁড়িয়ে থাকা রড় বোঝাই ট্রেলারে ধাক্কা মারে বাস। ঘটনাস্থলেই মৃত্যু হয় চারজনের। এই দুর্ঘটনায় জখম হন ৪০ জন বাসযাত্রী। তাঁদের মধ্যে আশঙ্কাজনক ১০ জন। শনিবার ভোররাতে হাওড়ার উলুবেড়িয়ার কুলগাছিয়ায় এই দুর্ঘটনা ঘটে।
রাস্তার ধারে দাঁড়িয়েছিল রড বোঝাই ট্রেলারটি। কুয়াশার জেরে দৃশ্যমানতা কম থাকায় কলকাতাগামী একটি বাস সরাসরি ধাক্কা মারে ট্রেলারটিতে। ট্রেলারটি থেকে রড প্রায় চারফুট বেরিয়েছিল। ফলে বাসের সামনের অংশ দুমুড়ে-মুচড়ে যায়। বেরিয়ে থাকা রড ঢুকে যায় বাসের ভিতরে। বিকট আওয়াজে ছুটে আসেন স্থানীয়রা। তাঁরাই প্রথমে উদ্ধারকার্যে হাত লাগান।

সঙ্গে সঙ্গেই খবর যায় উলুবেড়িয়া থানায়। বিশাল পুলিশ বাহিনী এসে বাসযাত্রীদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। পুরী থেকে পর্যটকদের নিয়ে ফিরছিল বাসটি। আহত ৪০ জন পর্যটককে ভর্তি করা হয়েছে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে। বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক থাকায় তাঁদের কলকাতার মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। মৃত চারজনের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ছ'নম্বর জাতীয় সড়ক এখন দুর্ঘটনায় ফাঁদে পরিণত হয়েছে। ব্যস্ত জাতীয় সড়কের ধারে যেখানে সেখানে দাঁড় করিয়ে রাখা হচ্ছে ট্রেলার, লরি। তার ফলে সঙ্কীর্ণ হয়ে যাচ্ছে রাস্তা। ফলে দুর্ঘটনা বাড়ছে। পুলিশ সঠিক ভূমিকা পালন করছে না বলে অভিযোগ এলাকাবাসীর।












Click it and Unblock the Notifications