কয়লা, বালি চুরিতে পুলিশের একাংশ জড়িয়ে, অভিযোগ খোদ মমতার
বিরোধীদের নিশানায় আগে থেকেই রয়েছে কলকাতা পুলিশ। কলকাতা পুলিশের ভূমিকা নিয়ে বারংবার প্রশ্ন তুলছে কলকাতা হাইকোর্ট। রাজনৈতিক পক্ষপাতদুষ্ট বলে কটাক্ষ করেছেন স্বয়ং রাজ্যপাল সিভি আনন্দ বোস। এবার পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।
নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বৈঠক করেন৷ সেখানে রীতিমতো পুলিশের একটি অংশকে নিশানা করলেন স্বয়ং মুখ্যমন্ত্রী। কয়লা চুরি, বালি চুরির ঘটনার সঙ্গে পুলিশের একটা অংশ জড়িয়ে রয়েছে। এই বক্তব্য শোনা গেল স্বয়ং মুখ্যমন্ত্রীর মুখে।

অতীতে কবে কোন মুখ্যমন্ত্রী এভাবে পুলিশের সম্পর্কে সরাসরি কটাক্ষ করছেন? তাই নিয়ে প্রশ্ন উঠেছে। পুলিশের মধ্যে দুর্নীতি রয়েছে। এই অভিযোগ বিরোধীরা বারংবার করেছে। শাসক দলের পক্ষ থেকে বরাবর এই অভিযোগকে খণ্ডন করা হয়। তবে এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই অভিযোগ তুললেন।
কয়লা চুরি করছে পুলিশ ও সিআইএসএফ। বালি চুরি, কয়লা চুরিতে পুলিশের একটা অংশ। এমনই মারাত্মক অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী। তিনি আরও বলেন, নীচুতলার পুলিশের একাংশ রাজ্য সরকারকে ভালোবাসে না। বালি, পাথরের জায়গা টেন্ডার করে দেওয়ার পরামর্শ করলেন তিনি।
পুলিশের ভূমিকা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় অসন্তুষ্ট। তাঁর কথাতেই এদিন পরিষ্কার হয়ে যায়। তিনি ক্ষোভের সঙ্গেই পুলিশের একাংশকে নিশানা করেছেন। " আমি এক টাকাও নিই না। অন্য কেউ টাকা নিলে ছাড়া হবে কেন?" এই কথাও শোনা যায় মুখ্যমন্ত্রীর থেকে।
কেউ দুর্নীতি করলে তাকে রক্ষা করবেন না মুখ্যমন্ত্রী। সে কথাও তিনি এদিন বলেছেন। তাঁর কথায়," দুর্নীতি করলে আমি বাঁচাব না৷" সিআইডিকেও তিনি নিশানা করেছেন। সিআইডিকে নতুন করে সাজানো হবে। বড়সড় রদবদল হবে। সেই ইঙ্গিত মুখ্যমন্ত্রী এদিন দিলেন। তাঁর কথায়, "আমি পুরো সিআইডি রিশাফল করব।" অ্যান্টি-করাপশন ব্যুরোকে আরও শক্তিশালী করতে হবে। তাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।












Click it and Unblock the Notifications