২৪ ঘণ্টা পার হয়েও চলছে রেল রোকো, ২৪-এর বেশি এক্সপ্রেস ট্রেন বাতিল, দুর্ভোগে লক্ষ-লক্ষ যাত্রী
পার হয়ে গেল ২৪ ঘণ্টা। কিন্তু পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ড সীমানায় উঠল না ভারত জাকাত মাঝি পরগনার রেল অবরোধ। যার জেরে সোমবার সকাল থেকে রাত পর্যন্ত দক্ষিণ-পূর্ব রেলের ২৪টিরও বেশি দূরপাল্লার ট্রেন বাতিল হয়েছে।
পার হয়ে গেল ২৪ ঘণ্টা। কিন্তু পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ড সীমানায় উঠল না ভারত জাকাত মাঝি পরগনার রেল অবরোধ। যার জেরে সোমবার সকাল থেকে রাত পর্যন্ত দক্ষিণ-পূর্ব রেলের ২৪টিরও বেশি দূরপাল্লার ট্রেন বাতিল হয়েছে। এছাড়াও বাতিলের তালিকায় রয়েছে একাধিক লোকাল ট্রেন। বহু স্টেশনে সকাল থেকে আটকে রয়েছে বহু দূরপাল্লার ট্রেন।

এই অবরোধের জেরে সকাল থেকেই রেলযাত্রীদের মধ্যে চরম উৎকন্ঠা ছড়ায়। হাওড়ামুখী বহু ট্রেন বিভিন্ন স্টেশনে আটকে পড়ায় অটকে পড়াতেও বহু যাত্রী সমস্যায় পড়েন। এখানে শেষ নয়, মঙ্গলবার ভূবনেশ্বরে রয়েছে রেলের নিয়োগ পরীক্ষা। পশ্চিমবঙ্গ থেকেই এই নিয়োগ পরীক্ষায় নাম লিখিয়েছেন প্রায় ১৪ লক্ষ চাকুরীপ্রার্থী। এমন রেল অবরোধে এরা সকাল থেকেই উৎকন্ঠায় ছিলেন। রাত পর্যন্ত এই সব পরীক্ষার্থীদের অধিকাংশই হাওড়া থেকে ট্রেনে চাপতে পারেননি। কারণ, ওড়িশামুখী সমস্ত ট্রেনই এদিন বাতিল করে দিয়েছে রেল।
রেল কেন ট্রেন বাতিলের খবর ঘোষণা করতে রাত পর্যন্ত সময় নিল, তা নিয়ে হাওড়া স্টেশবনে বিক্ষোভ দেখান পরীক্ষার্থীরা। পরে রেল ঘোষণা করেন যারা মঙ্গলবার পরীক্ষায় বসতে পারবেন না তাদের জন্য বিকল্প তারিখ রাখা হচ্ছে। অক্টোবরে এই পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছে রেল।
ভারত জাকাত মাজি-দের অবরোধ আন্দোলনে রেল যোগাযোগ পুরোপুরি স্তব্ধ হওয়া নিয়েও শুরু হয়েছে চাপান-উতোর। রেলের দাবি, আইন-শৃঙ্খলা রক্ষা রাজ্যের দায়িত্ব। কিন্তু, রাজ্যের পরিষদীয় দলনেতা পার্থ চট্টোরপাধ্যায় পাল্টা রেলের উপরেই এই দায় চাপিয়েছেন।
রেল যোগাযোগ যখন সোমবার সারাদিনের মতো স্তব্ধ হয়ে যায়, ঠিক তখনই বেলদায় সিগন্য়াল প্যানেলে ভাঙচুর চালায় একদল দুষ্কৃতী। বেলদা স্টেশনে একটি মোটরবাইকেও আগুন লাগিয়ে দেয় তারা। গোটা ঘটনায় বেলদা স্টেশনে আতঙ্ক ছড়ায়। স্টেশনকর্মীদের মতে, দুষ্কৃতীরা মুখে গামছা বেঁধে এসে হামলা চালিয়েছিল।
রেল অবরোধ নিয়ে দক্ষিণ-পূর্ব রেল সোমবার সকাল থেকে দফায় দফায় সোশ্যাল মিডিয়ায় রেল চলাচল নিয়ে আপডেটও দেয়। এখন পর্যন্ত যা খবর তাতে হাওড়া-ইস্টকোস্ট এক্সপ্রেস, হাওড়া-মুম্বই সিএসএমটি দুরন্ত এক্সপ্রেস, হাওড়া-যশবন্তপুর এসি এক্সপ্রেস, শালিমার-এলটিটি এক্সপ্রেস, সাঁতরাগাছি-পুদুচেরী স্পেশাল, হাওড়া-আহমেদাবাদ এক্সপ্রেস, হাওড়া-হাতিয়া-হাওড়া-কিরিয়া যোগা এক্সপ্রেস, শিয়ালদহ-পুরী দূরন্ত এক্সপ্রেস, হাওড়া জ্ঞানেশ্বরী এক্সপ্রেস, হাওড়া-ভাস্কো-অমরাবতী এক্সপ্রেস, হাওড়া-চেন্নাই মেল এক্সপ্রেস, হাওড়া-মুম্বই গীতাজ্ঞলী এক্সপ্রেস, হাওড়া-জগদলপুর এক্সপ্রেস, হাওড়া-কন্যাকুমারী এক্সপ্রেস-সহ ২৪টিরও বেশি দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে।
পরিস্থিতি যা তাতে মঙ্গলবারও এই অবরোধ ওঠা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে। আটকে পড়া রেল যাত্রীরা পানীয় জল নিয়ে সমস্যায় পড়েছেন। রেলের তরফে তেমন কোনও সাহায্যই মিলছে না বলে অভিযোগ করেছেন অধিকাংশ যাত্রী।
সাঁওতাল ভাষাকে সরকারি স্বীকৃতির দেওয়া-সহ ৯টি দাবি নিয়ে সোমবার সকাল থেকে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় রেল অবরোধ শুরু করে ভারত জাকাত মাজি পরগনার সদস্যরা। পশ্চিমবঙ্গ লাগোয়া ঝাড়খণ্ডেও এই অবরোধ হয়।












Click it and Unblock the Notifications