বিজেপির 'ওয়াশিংমেশিনে' শুভেন্দুর শুদ্ধিকরণ! অভিষেকেই চ্যালেঞ্জের মুখে মেদিনীপুরের 'ভূমিপুত্র'
শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগদানের পরেই নারদা স্টিং অপারেশনের ভিডিও নিজেদের ইউটিউব চ্যানেল থেকে সরিয়েছিল বিজেপি। তবে একবার যা অনলাইনে যায়, তা কি আর লুকোনো যায়। মেদিনীপুরের ভূমিপুত্রকে যাতে বিজেপিতে এসে অস্বস্তিতে না পড়তে হয়, তাই ইউটিউবের ভিডিও তো উড়িয়েছিল, তবে মানুষের মন থেকে সেই চিত্র মুছে ফেলতে পারেনি। এবং সেই ছবিটি আরও তাজা করে দেন বিখ্যাত ইউটিউবার ধ্রুব রাঠি।

মেদিনীপুর কলেজ গ্রাউন্ডের সভায় বিজেপিতে যোগ শুভেন্দুর
গত শনিবার মেদিনীপুর কলেজ গ্রাউন্ডের সভা থেকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর উপস্থিতিতে বিজেপিতে যোগ দিয়ে সুর চড়িয়েছিলেন পুরোনো দলের বিরুদ্ধে। এক সময় যেখানে শুভেন্দু 'বিজেপি হটাও, দেশ বাঁচাও' স্লোগান দিতেন, এখন সেই শুভেন্দুর মুখে 'তোলাবাজ ভাইপো হটাও' স্লোগান। তবে শুভেন্দুকে শুধু এই সুর পরিবর্তনকে ন্যায়সঙ্গত প্রমাণ করলেই হবে না। 'বিজেপির ওয়াশিংমেশিনে' নিজেকে শুদ্ধ করতে হবে।

নারদের স্টিং অপারেশনের ভিডিও ঘিরে জল্পনা
শুভেন্দু বিজেপিতে যোগ দিতেই পুরোনো নারদের স্টিং অপারেশনের সেই ভিডিও নিয়ে বিজেপিকে পাল্টা প্রশ্ন করতে দেখা যায় অন্যান্য দলগুলিকে। সবার বক্তব্য, চার বছর আগে মুকুল রায় এবং শুভেন্দু অধিকারীর ওপর বিজেপি সারদা চিটফান্ড কাণ্ডে স্টিং অপারেশন করেছিলো। এখন দু'জনেই বিজেপিতে যোগ দিয়েছেন এবং ওনাদের সব পাপ মুছে গেছে।

শুভেন্দুর খোলা চিঠি
গত ১৯ ডিসেম্বর তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছেন শুভেন্দু অধিকারী। এর আগে ধাপে ধাপে তিনি মন্ত্রিত্ব, সরকারি পদ, বিধায়ক পদ, সরকারি নিরপত্তা রক্ষী ছেড়ে দেন। বিজেপিতে যোগ দেওয়ার কিছুক্ষণ আগেই শুভেন্দুর লেখা ৬ পাতার একটি খোলা চিঠি সামনে আসে। যে চিঠিতে তিনি তাঁর দল ছাড়ার কারণ উল্লেখ করেছেন তৃণমূল কংগ্রেসের একেবারে নিচুতলার কর্মীদের উদ্দেশ্যে।

শুভেন্দুই হবেন মুখ্যমন্ত্রী
এদিকে বিজেপি যদি শুভেন্দুর সাহায্যে নির্বাচনে জেতে, তাহলে তাঁকে মুখ্যমন্ত্রী করা হতে পারে। মমতাকে জবাব দিতে অমিত শাহ যেভাবে পরবর্তী মুখ্যমন্ত্রী হিসাবে 'ভূমিপুত্র' শব্দটি এই ক্ষেত্রে ব্যবহার করেন, তাতেই বেড়েছে জল্পনা। তাই আগেভাগেই বিজেপি শুভেন্দুকে কলঙ্কমুক্ত প্রমাণ করতে উঠে পড়ে লেগেছে?

সারদা কাণ্ডে নাম জড়িয়েছে শুভেন্দুর
এদিকে ডিসেম্বরের প্রথম সপ্তাহেই আরও একটি বিতর্কে জড়ায় শুভেন্দুর নাম, সারদা কাণ্ডের প্রধান অভিযুক্ত সুদীপ্ত সেন চলতি মাসের ১ তারিখে জেলে বসেই একটি চিঠি লিখেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে লেখা সেই চিঠিতে তিনি আঙুল তুলেছিলেন বেশ কয়েক জন প্রভাবশালী নেতার বিরুদ্ধে। সেই তালিকাতেও নাম ছিল শুভেন্দুর।

মুকুলের ডাকে বিজেপিতে শুভেন্দু
উল্লেখ্য, গত ২০১৭ সালে তৃণমূল কংগ্রেস থেকে দলবিরোধী কাজের অভিযোগে ৬ বছরের জন্য সাসপেন্ড করা হয় মুকুল রায়কে। এরপরই তিনি বিজেপিতে যোগদান করেন। তৃণমূল কংগ্রেসের এক সময়ের দু নম্বর ব্যক্তি মুকুল রায় বর্তমানে রাজ্য বিজেপির গুরুত্বপূর্ণ নেতা। তাঁর ডাকেই নাকি শুভেন্দুও যোগ দিয়েছেন বিজেপিতে।












Click it and Unblock the Notifications