School Teacher Transfer: হঠাৎ করে বন্ধ হয়ে গেল শিক্ষকদের বদলি প্রক্রিয়া, কী কারণে সিদ্ধান্ত বিকাশ ভবনের
স্কুলগুলিতে ছাত্র- শিক্ষক অনুপাতে সামঞ্জস্য আনতে শিক্ষক বদলির প্রক্রিয়া আপাতত স্থগিত রাখা হল। এই সময়কালে বদলির জন্য নির্বাচিত শিক্ষকদের তালিকা পর্যালোচনা করে দেখবে স্কুল শিক্ষা দফতর। বিকাশ ভবন সূত্রে খবর, এই মর্মে চিঠি পাঠানো হয়েছে মধ্যশিক্ষা পর্ষদের কাছে।
পর্ষদকে নির্দেশ দেওয়া হয়েছে, বদলি সংক্রান্ত চিঠি আপাতত না পাঠাতে। রাজ্যের যে সমস্ত স্কুলে পড়ুয়া অনুপাতে শিক্ষকের সংখ্যা বেশি রয়েছে, সেখানকার বাড়তি শিক্ষকদের পড়ুয়া অনুপাতে শিক্ষকের সংখ্যা কম থাকা স্কুলে বদলি করার প্রক্রিয়া চলছিল।

কিছুদিন ধরেই। প্রথম দফায় বিষয়ভিত্তিক বাড়তি কলকাতা ও শহরাঞ্চলের এমন প্রায় ৬০০ জন শিক্ষকের তালিকা প্রস্তুত করা হয়েছিল। ইতিমধ্যেই সেই তালিকায় থাকা অধিকাংশ শিক্ষককে স্কুল সার্ভিস কমিশনের তরফে বিভিন্ন জেলার স্কুলে বদলির সুপারিশ করে তা পাঠানো হয়েছিল মধ্যশিক্ষা পর্ষদের কাছে।
ওই শিক্ষকদের বদলির নিয়োগপত্র পাঠানোর কথা ছিল পর্ষদের। কিন্তু, মাঝে স্কুলে গরমের ছুটি শুরু হয়ে যাওয়ায় বদলির চিঠি পাঠানো হয়নি মধ্যশিক্ষা পর্ষদের তরফে। স্কুল খুলতেই চিঠি পাঠাতে তৎপর হয় পর্ষদ। এবং সেকথা জানানো হয় দফতরকে। এরপরই আপাতত চিঠি না পাঠানোর নির্দেশ দেয় দফতর। আবার এর মধ্যে বদলির জন্য নির্বাচিত শিক্ষকদের তালিকায় বেশ কিছু ভুল চিহ্নিত হয়।
সূত্রের খবর, বদলির বিধি অনুযায়ীই বদলির জন্য নির্বাচিত হওয়ার কথা নয়, এমন শিক্ষকরাও সেই তালিকায় ঠাঁই পেয়েছেন। এই রকম বেশ কিছু অভিযোগও জমা পড়ে দফতরে। একই সঙ্গে এভাবে বদলি করার বিরুদ্ধে হাই কোর্টে মামলাও চলছে। সেই বদলির তালিকাটিই এবার পর্যালোচনা করে দেখবে স্কুল শিক্ষা দফতর।












Click it and Unblock the Notifications