রাজ্যপালের উপর ভরসা রাখছেন না সায়ন্তিকা, রেয়াত? কবে হবে শপথ অনুষ্ঠান?
রাজ্যপাল সিভি আনন্দ বোসের উপর ভরসা রাখছেন না নব নির্বাচিত বিধায়ক? সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ও রেয়াত হোসেন বৃহস্পতিবারও বিধানসভায় গিয়েছেন। আগামী কালও বিধানসভায় যাবেন বলে খবর৷
রাজ্যপাল সিভি আনন্দ বোস মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন। এরপর জানা গিয়েছে, ওই মামলায় যুক্ত করা হয়েছে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ও রেয়াত হোসেনকেও। তাই নিয়েও রাজনৈতিক চর্চা শুরু হয়েছে।

রেয়াত হোসেন এদিন বলেন, "শপথ নেওয়ার আগেই যিনি আমাদের নামে মানহানির মামলা করে দিলেন। সেই রাজ্যপালের নৈতিক অধিকার নেই আমাদের শপথ গ্রহণ করানোর।"
সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় বলেন, " আমরা এখনও শপথই নিলাম না। আমাদের নামে মানহানির মামলা করে দিলেন রাজ্যপাল। কাল বিশেষ অধিবেশন হবে শুনেছি। তাই আমরা আশাবাদী। আমাদের বিষয়টা নিয়ে আলোচনা হবে।"
গত মাসের চার তারিখ দুই বিধায়ক উপ নির্বাচনে জিতেছিলেন৷ এক মাসের মধ্যে তাঁদের শপথগ্রহণ অনুষ্ঠান হল না। রাজভবন ও বিধানসভার মধ্যে টানাপোড়েন চলছে৷ কোনওভাবেই তাঁরা রাজভবনে শপথ গ্রহণে রাজি নন। রাজ্যপালও বিধানসভায় শপথ গ্রহণ করাবেন না।
এক মাস হয়ে গেল। এরপর কী করবেন দুই বিধায়ক? সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় বলেন,
" আমরা আমাদের ধরনা চালিয়ে যাব। শপথের প্রস্তুতিও রাখব।" আগামী কাল বিধানসভা অধিবেশন বসবে। কালও তাঁরা দুজনে অবস্থান আন্দোলন চালাবেন। এই কথা জানানো হয়েছে।
আগামী কাল রাজ্য বিধানসভায় বিশেষ অধিবেশন বসবে৷ আজ বৃহস্পতিবার বিধানসভায় স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় এই কথা জানিয়েছেন। রাজ্যপালকে ছাড়াই কি দুই বিধায়ক শপথ গ্রহণ করানো হবে? স্পিকার নিজেই কি শপথ গ্রহণ করাবেন? সেই চর্চাও শুরু হয়েছে৷ রাজ্যপালের বিরুদ্ধে আইনি পথেও হাঁটতে পারেন বিমান বন্দ্যোপাধ্যায়। এই কথাও শোনা যাচ্ছে।












Click it and Unblock the Notifications