'কেউ কেউ চায় না আমি আপনাদের কাছে যাই', 'সিদ্ধান্ত' নেওয়া প্রসঙ্গে বিস্ফোরক বার্তা দিয়ে শতাব্দীও 'বেসুরো'
বিজেপির তরফে ইঙ্গিত ছিল সংক্রান্তি পার হতেই দলে একাধিক তাবড় নেতা নেত্রী থেকে বিধায়করা যোগ দিতে শুরু করবেন। এদিকে তার আগে রাজ্যে গত ১৯ ডিসেম্বর মেগা দলবদল হয়েছে যেখানে শুভেন্দু অধিকারী ছিলেন উজ্জ্বল মুখ।
বিজেপির তরফে ইঙ্গিত ছিল সংক্রান্তি পার হতেই দলে একাধিক তাবড় নেতা নেত্রী থেকে বিধায়করা যোগ দিতে শুরু করবেন। এদিকে তার আগে রাজ্যে গত ১৯ ডিসেম্বর মেগা দলবদল হয়েছে যেখানে শুভেন্দু অধিকারী ছিলেন উজ্জ্বল মুখ। এমন এক পরিস্থিতিতে এদিন শতাব্দী রায় দিয়ে দিলেন বড় বার্তা।

শতাব্দী বেসুরো!
এদিন শতাব্দী রায় ফ্যান ক্লাবের তরফে একটি পোস্টে লেখা হয় একাধিক বার্তা। সেখানে সম্বোধন করা হয় বীরভূমের মানুষকে। লেখা হয়, 'ইদানিং অনেকে আমাকে প্রশ্ন করছেন কেন আমাকে বহু কর্মসূচিতে দেখা যাচ্ছে না। আমি তাঁদের বলছি যে আমি সর্বত্র যেতে চাই। আপনাদের সঙ্গে থাকতে আমার ভালো লাগে। কিন্তু মনে হয় কেউ কেউ চায় না আমি আপনাদের কাছে যাই। বহু কর্মসূচির খবর আমাকে দেওয়া হয় না। না জানলে আমি যাব কী করে? এ নিয়ে আমারও মানসিক কষ্ট হয়। '

শতাব্দীর অভিমানী সুর!
পোস্টে শতাব্দী লেখেন,' গত দশ বছরে আমি আমার বাড়ির থেকে বেশি সময় আপনাদের কাছে বা আপনাদের প্রতিনিধিত্ব করতে কাটিয়েছি, আপ্রাণ চেষ্টা করেছি কাজ করার, এটা শত্রুরাও স্বীকার করে। তাই এই নতুন বছরে এমন সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করছি যাতে আপনাদের সঙ্গে পুরোপুরি থাকতে পারি। আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ।'

'যদি কোনও সিদ্ধান্ত নিই..'
'আশা করি ভবিষ্যতেও আপনাদের ভালোবাসা পাব। সাংসদ অনেক পরে, তার অনেক আগে থেকেই শুধু শতাব্দী রায় হিসেবেই বাংলার মানুষ আমাকে ভালোবেসে এসেছেন। আমিও আমার কর্তব্য পালনের চেষ্টা করে যাব।
যদি কোনো সিদ্ধান্ত নিই আগামী ১৬ জানুয়ারি ২০২১ শনিবার দুপুর দুটোয় জানাব।' এই বক্তব্য দিয়ে শতাব্দী কার্যত বাংলার রাজনীতিতে বিস্ফোরক বার্তা দিয়েছেন।

তৃণমূলের তরফে দাবি
এদিকে, তৃণমূলের তরফে সৌগত রায় বলেন, শতাব্দী ভালো মেয়ে। ও অত্যন্ত সোজাসাপটা কথা বলতে পছন্দ করে। তবে দলের কর্মসূচিতে ডাকা হচ্ছে না, এই বিষয়টি ঠিক না। দলের তরফে শতাব্দীর সঙ্গে সৌগত বাবুরা যোগাযোগ করবেন বলেও জানান তিনি।












Click it and Unblock the Notifications