সারদা: মিঠুন চক্রবর্তীকে জিজ্ঞাসাবাদ করবে ইডি, পাঠাল সমন

সারদা গোষ্ঠীর কর্ণধার সুদীপ্ত সেনের একটি চিঠিতে মিঠুন চক্রবর্তীর নাম পাওয়া গিয়েছে। প্রাথমিক তদন্তে ইডি দেখেছে, মিঠুন চক্রবর্তীকে দু'কোটি টাকার একটি চেক দিয়েছিলেন সুদীপ্ত সেন। কী কারণে ওই চেক দেওয়া হয়েছিল, তা জানতেই ডাকা হয়েছে তাঁকে।
মিঠুন চক্রবর্তী সারদা কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসাডর ছিলেন। যদিও তাঁর নিজের দাবি, ব্র্যান্ড অ্যাম্বাসাডর নয়, সারদা গোষ্ঠীর একটি সাম্মানিক পদে কাজ করতেন। 'বাংলা বলছে, সঙ্গে মিঠুন' এই নামের একটি অনুষ্ঠানও তিনি করতেন। চুক্তি অনুযায়ী, আলাদাভাবে ৫২ লক্ষ পারিশ্রমিক পাওয়ার কথা ছিল। সেই টাকা তিনি আজও পাননি।
এদিকে, মিঠুন চক্রবর্তীর পাশাপাশি অভিনেত্রী তথা শাসক দলের আর এক সাংসদ শতাব্দী রায়কেও ডেকে পাঠাতে চলেছে ইডি। ২০১০ সালে হুগলী জেলার চন্দননগরে সারদা গোষ্ঠীর একটি অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন শতাব্দী রায়। বলেছিলেন, "এত বড় একটি কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসাডর হওয়ায় আমি গর্বিত।" সংশ্লিষ্ট কোম্পানির কার্যকলাপেরও ভূয়সী প্রশংসা করেন তিনি। যদিও শতাব্দীদেবীর কাছে এখনও ইডি চিঠি পাঠায়নি বলে খবর। তিনি বলেছেন, " আমি এখনও কোনও চিঠি পাইনি। আমাকে ডাকা হলে সব রকম সহযোগিতা করব ওদের। আমি সারদার বিভিন্ন পণ্যের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসাবে পেশাগতভাবে কাজ করেছি। অনেক কোম্পানিরই তো ব্র্যান্ড অ্যাম্বাসাডর হয়েছি। এটা আমার পেশা। দুর্নীতি তো করিনি।"
গত সোমবারই সুদীপ্ত সেন, কুণাল ঘোষ প্রমুখ ছ'জনকে হেফাজতে নিয়েছে সিবিআই। এঁদের জেরা করে যে যে নামগুলি উঠে আসবে, তাঁদের সবাইকেই জেরা করবে সিবিআই।












Click it and Unblock the Notifications