নৈহাটি, হালিশহর, বনগাঁর পর গারুলিয়া! বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত তৃণমূল কংগ্রেস নেতা
তৃণমূল নেতা সঞ্জয় সিং গারুলিয়া পুরসভার চেয়ারম্যান নির্বাচিত হলেন। এদিন উত্তর ২৪ পরগনার গারুলিয়ায় ছিল চেয়ারম্যান নির্বাচন। বিজেপির তরফে এদিন কেউই হাজির ছিলেন না।
তৃণমূল কংগ্রেস নেতা সঞ্জয় সিং গারুলিয়া পুরসভার চেয়ারম্যান নির্বাচিত হলেন। এদিন উত্তর ২৪ পরগনার গারুলিয়ায় ছিল চেয়ারম্যান নির্বাচন। বিজেপির তরফে এদিন কেউই হাজির ছিলেন না। গতমাসের শেষের দিকে পদত্যাগ করেছিলেন গারুলিয়া পুরসভার তৎকালীন চেয়ারম্যান বিজেপির সুনীল সিং।

গারুলিয়ায় নতুন চেয়ারম্যান নির্বাচন
চারমাসের মধ্যেই ক্ষমতার বদল হল গারুলিয়ায়। নৈহাটি, হালিশহর, বনগাঁর পর গারুলিয়া। এদিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূলের সঞ্জয় সিং চেয়ারম্যান নির্বাচিত হন। বিজেপি এবং ফরওয়ার্ডব্লকের একজন বিধায়ক থাকলেও, কেউই এদিন নির্বাচনী প্রক্রিয়ায় অংশ নেননি। তাঁরা কেউই হাজির ছিলেন না।

গুরুত্ব উন্নয়নে
নচুন চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর চেয়ারম্যান সঞ্জয় সিং জানিয়েছেন, উন্নয়নেই তিনি গুরুত্ব দিতে চান। কেননা আর কয়েকমাস পরেই সেখানে নির্বাচন রয়েছে।

চার মাস আগে পুরসভা গিয়েছিল বিজেপির দখলে
জুন মাসে দিল্লিতে গিয়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন গারুলিয়ার চেয়ারম্যান সুনীল সিং। সঙ্গে ভাইস চেয়ারম্যান সুব্রত মুখোপাধ্যায় ছাড়াও ছিলেন বেশ কয়েকজন কাউন্সিলর। মাসখানের আগে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন ভাইস চেয়ারম্যান সুব্রত মুখোপাধ্যায়। তিনি তখন বলেছিলেন, তৃণমূল কংগ্রেস থেকে যাঁরা বিজেপিতে গিয়েছেন, তাঁরা কেউই ভাল নেই। তিনি চান গারুলিয়া পুরসভার চেয়ারম্যান সুনীল সিংও ঘরে ফিরে আসুন। দীর্ঘদিন তাঁরা একসঙ্গে দল করেছেন বলে জানিয়েছিলেন সুব্রত মুখোপাধ্যায়।

প্রাক্তন পুরপ্রধানের বক্তব্য নিয়ে জল্পনা
গারুলিয়া পুরসভা নিয়ে সুনীল সিং-এর পরিবারের কার্যত ভাঙন তৈরি হয়েছে। এক আত্নীয় চন্দ্রভান সিং এমাসের শুরুর দিকে তৃণমূলে ফিরে গিয়েছেন। ছোটভাই রয়েছেন তৃণমূলেই। পদত্যাগের দিন নোয়াপাড়ার বর্তমান বিধায়ক জানান, যিনিই চেয়ারম্যান হোন না কেন, তাঁকে তিনি সমর্থন করবেন। উন্নয়নের জন্য একযোগে কাজ করার আশ্বাস দিয়েছেন তিনি। সুনীল সিং-এর বিরুদ্ধে অনাস্থা আনা হয়েছিল। একেবারে শেষ দিন তিনি পদত্যাগ করেছিলেন।

গারুলিয়া পুরসভায় রাজনৈতিক অবস্থা
বর্তমানে গারুলিয়ায় ২১ কাউন্সিলর রয়েছেন। গত পুরসভা নির্বাচনে এই পুরসভায় তৃণমূল জয়লাভ করেছিল ১৯ টি আসনে। জুন মাসে এঁদের মধ্যে চেয়ারম্যান সুনীল সিং সহ ১২ জন বিজেপিতে যোগ দেওয়ায় পুরসভার দখল পায় বিজেপি। তবে তিন মাসের মধ্যেই ঘরে ফিরে গিয়েছেন বেশ কয়েকজন কাউন্সিলর। বর্তমানে গাড়ুলিয়া পুরসভায় তৃণমূল কাউন্সিলর সংখ্যা ১৩। অন্যদিকে বিজেপির কাউন্সিলর সংখ্যা কমে দাঁড়াল ৭-এ। বাকি এক কাউন্সিলর ফরওয়ার্ড ব্লকের।












Click it and Unblock the Notifications