Sandeshkhali: সন্দেশখালির ঘটনা মিথ্যা নয়, পিসি-ভাইপোর শেষ দেখে ছাড়ব! জেলমুক্তি হতেই হুঁশিয়ারি মাম্পির
Sandeshkhali:পিসি-ভাইপোর শেষ দেখে ছাড়ব! জেল থেকে ছাড়া পেয়েই মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কড়া বার্তা মাম্পি দাসের। শুক্রবারই সন্দেশখালির বিজেপি নেত্রীকে অবিলম্বে মুক্তি দেওয়ার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। একই সঙ্গে পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন।
কিন্তু আইনি কাজ সারতে জেল থেকে ছাড়ার নির্দিষ্ট সময় পেরিয়ে যায়। ফলে মুক্তি হয়নি। আজ শনিবার জেল থেকে ছাড়া পেয়েই মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ শানালেন মাম্পি। তিনি বলেন, সন্দেশখালির (Sandeshkhali) ঘটনা কখনই মিথ্যা নয়। নারী নির্যাতন হয়েছে। আন্দোলনে কোনও রাজনীতি ছিল না। ষড়যন্ত্র করা হয়েছে।

মমতা বন্দ্যোপাধ্যায়ের শেষ দেখে ছাড়ব বলেও কড়া বার্তা দেন আন্দোলনের (Sandeshkhali) অন্যতম প্রতিবাদী মুখ। তাঁর হুঁশিয়ারি, মমতা বন্দ্যোপাধ্যায়কে (West Bengal CM) হারিয়ে দেখাব। এই লোকসভায় মমতা বন্দ্যোপাধ্যায় হারবেন বলেও বার্তা। আগামিদিনে আন্দোলন চলবে বলেও বার্তা মাম্পির।
সন্দেশখালির আন্দোলনে একাধিকবার মাম্পির নাম সামনে আসে। সম্প্রতি ঘটনার পালটা বেশ কিছু ভিডিও সামনে আসে। আর এই সেই সময় মাম্পির বিরুদ্ধে ভয় দেখিয়ে ধর্ষণের অসত্য মামলা রুজু করানোর মতো অভিযোগ ওঠে। এমনকি এই মর্মে সন্দেশখালি থানায় স্থানীয় এক গৃহবধূ অভিযোগ করেন।
শুধু তাই নয়, সন্দেশখালির 'স্টিং' ভিডিয়োতে মাম্পির নাম শোনা গিয়েছিল। গঙ্গাধর কয়ালের মুখেও একাধিকবার এই বিজেপি নেত্রীর নাম শোনা যায়। ভয় দেখিয়ে ধর্ষণের অসত্য মামলা রুজুর মামলায় আদালতে জামিন নিতে গেলে জেল হেফাজতের নির্দেশ দেয় নিম্ন আদালত।
প্রথমে জামিন যোগ্য ধারা যোগ করা হলেও শেষ মুহূর্তে জামিন অযোগ্য ধারা যোগ করা হয়। ফলে গ্রেফতার হতে হয় সন্দেশখালির প্রতিবাদী মুখকে। আর এহেন পদক্ষেপের বিরুদ্ধেই কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন মাম্পি। হাই কোর্টের বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে এই সংক্রান্ত মামলার শুনানি হয়।
মামলায় একাধিক গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ করেন বিচারপতি। এমনকি ১৯৫এ ধারা যুক্ত করা নিয়েও প্রশ্ন তোলে হাইকোর্ট। এরপরেই মাম্পিকে ব্যক্তিগত বন্ডে অবিলম্বে হেফাজত থেকে মুক্তি দেওয়ার নির্দেশ দেন। এরপরেই এদিন জেল থেকে মুক্তি পান সন্দেশখালির এই প্রতিবাদী মুখ।
বেরিয়েই তিনি বলেন, সত্যমেব জয়তে। মিথ্যা অভিযোগে আমায় গ্রেফতার করা হয়েছিল। আদালতে তা প্রমাণ হয়ে গিয়েছে। এজন্য কলকাতা হাইকোর্টকে ধন্যবাদ জানান বিজেপি নেত্রী। তাঁর ছাড়া পাওয়ার খবর সন্দেশখালিতে পৌঁছতেই আনন্দে মেতে ওঠেন সেখানকার মহিলারা।












Click it and Unblock the Notifications