Sandeshkhali Incident: শুভেন্দুর মুখেই 'খালিস্তানি'? দিনভর চাপানউতোরের পর চাঞ্চল্যকর ভিডিও ফাঁস রাজ্য পুলিশের
Sandeshkhali Incident: শুভেন্দু অধিকারীর সন্দেশখালি সফরের মধ্যেই নয়া বিতর্ক। আইপিএস জসপ্রীত সিংকে খালিস্তানি বলে চিহ্নিত করার গুরুতর অভিযোগ।
যা নিয়ে শিখ সম্প্রদায়ের মানুষজন আসানসোল ও কলকাতায় বিক্ষোভ প্রদর্শন করেছেন। রাজ্য বিজেপি সদর দফতরের সামনে ধরনা, প্রতিবাদ চলছে। দাবি করা হয়েছে নরেন্দ্র মোদী ও অমিত শাহর ক্ষমাপ্রার্থনা।

কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশ অনুযায়ী শুভেন্দু অধিকারী ও শংকর ঘোষকে সন্দেশখালি যাওয়ার বন্দোবস্ত করে পুলিশ-প্রশাসন। কিন্তু তার ঠিক আগেই বিজেপি নেতাদের সঙ্গে পুলিশের বাদানুবাদ চলাকালীন নয়া বিতর্কের জন্ম। যা নিয়ে বিজেপির বিভেদকামী রাজনীতিকে আক্রমণ করেছে তৃণমূল কংগ্রেস।
স্পেশ্যাল সুপারিনটেন্ডেন্ট (ইনটেলিজেন্স ব্যুরো) জসপ্রীত সিং হঠাৎই বলতে থাকেন, তাঁকে খালিস্তানি বলা হয়েছে। মাথায় পাগড়ি পরে কর্তব্য পালনের জন্য তাঁকে খালিস্তানি হিসেবে দেগে দেওয়ার তীব্র প্রতিবাদ করেন ওই পুলিশ অফিসার। যদিও বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল দাবি করতে থাকেন, এই শব্দ কেউ উচ্চারণ করেননি।
তবে বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেমন নিশানা করেন বিজেপিকে, তেমনই সরব কংগ্রেসও। শিখ ভাই-বোনদের প্রতি অসম্মানে গর্জে ওঠেন মুখ্যমন্ত্রী। শিখ সম্প্রদায়ের কয়েকজন দ্রুত গিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপি রাজ্য সদর দফতরের সামনে।
সেখানে বিজেপি নেতা রাহুল সিনহা হাতজোড় করে এই মন্তব্যের জন্য দলের তরফে ক্ষমা চান। যদিও শিখ সম্প্রদায়ের তরফে বলা হয়, যতক্ষণ না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ লিখিতভাবে ক্ষমা প্রার্থনা করবেন, ততক্ষণ চলবে এই শান্তিপূর্ণ প্রতিবাদ।
প্রথমে শুভেন্দু অধিকারী ওই মন্তব্য করেছেন বলে অভিযোগ আসেনি। কিন্তু ঘটনার কয়েক ঘণ্টা পরেই এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার দাবি করেন, রাজ্যের বিরোধী দলনেতার মুখে খালিস্তানি শব্দ প্রয়োগের নিন্দা করা হচ্ছে। যথাযথ আইনানুগ পদক্ষেপ করা হবে।
রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সন্দেশখালি ও কলকাতায় দাবি করেন, তিনি বা তাঁর দলের কেউ এমন মন্তব্য করেননি। প্রয়োজন পড়ে না। সন্দেশখালি নিয়ে আদালতে মুখ পোড়ানোর পর নজর ঘোরাতে এইসব অভিযোগ করা হচ্ছে। ওই পুলিশ অফিসার দুর্ব্যবহার করেছেন, ভালো পোস্টিং পেতে নম্বর বাড়ানোর জন্য মুখ্যমন্ত্রীকে মিথ্যা তথ্য দিয়েছেন।
বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল চ্যালেঞ্জ জানিয়েছিলেন, বিজেপির কেউ ওই শব্দ প্রয়োগ করেছে তার ফুটেজ প্রকাশ করা হোক। এরপর আজ রাতেই রাজ্য পুলিশের এক্স হ্যান্ডলে একটি বেসরকারি সংবাদমাধ্যমের ভিডিও (যার সত্যতা যাচাই ওয়ানইন্ডিয়া বাংলা করেনি) পোস্ট করে দাবি করা হয় শুভেন্দুই খালিস্তানি বলেছেন পুলিশ অফিসারকে।
This comment is as much malicious and racial as it is communally inciting. It is a criminal act. We unequivocally condemn the unprovoked, unacceptable attack on an individual’s religious identity and beliefs aimed to incite people to take to violence and break the law... (2/3)
— West Bengal Police (@WBPolice) February 20, 2024
শুভেন্দু এদিন দাবি করেছিলেন শিখদের সঙ্গে খালিস্তানিদের কোনও সম্পর্ক নেই। কিন্তু শিখ আবেগকে উসকে দিয়েছে এদিনের রাজনীতি। রাজ্য পুলিশের বিবৃতিতেও লেখা রয়েছে, এখজন গর্বিত শিখ হিসেবে ওই দক্ষ পুলিশ অফিসার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করছিলেন।
রাজ্য পুলিশের বিবৃতিতে উল্লেখ, শুভেন্দু অধিকারী যে শব্দ প্রয়োগ করেছেন তা বিদ্বেষমূলক, বিভেদ সৃষ্টিকারী। এটা ফৌজদারি অপরাধ। বিনা প্ররোচনায় এভাবে কাউকে ধর্মীয় আক্রমণ করা যায় না। যা ঘটেছে তা মেনে নেওয়া যায় না। এই ধরনের ঘটনা থেকে হিংসা ও আইনশৃঙ্খলা অবনতির ঘটনা ঘটতে পারতো। যথোপযুক্ত আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। যদিও শুভেন্দুর পাল্টা, এ সব অভিযোগকে গুরুত্বই দিচ্ছি না।












Click it and Unblock the Notifications