বর্ধমান বিস্ফোরণ কাণ্ডের মাস্টারমাইন্ড সাজিদ গ্রেফতার কলকাতা থেকে

সাজিদের কাছ থেকে একটি ভুয়া ভোটার আইকার্ড এবং রেশন কার্ড উদ্ধার করা হয়েছে। বিধাননগর কমিশনারেটের জঙ্গী দমন শাখা এদিন দুপুরে গ্রেফতার করে জেএমবি-র এই সদস্য তথা বর্ধমান মডিউলের প্রধানকে। পুলিশের তরফে জানানো হয়েছে, গোপন সূত্রে খবর মেলে একটি খামে করে টাকা পৌছনো হবে সাজিদের কাছে। সেই খবর পেয়েই পুলিশ হানা দেয় এবং শেষমেষ গ্রেফতার করে সাজিদকে।
এনআইএ-র তরফে আগেই জানানো হয়েছিল সাজিদের মাথার দাম দশলক্ষ টাকা। বর্ধমান কাণ্ডে সাজিদই প্রথম বাংলাদেশী নাগরিক যাকে গ্রেফতার করা হল। সাজিদ জেএমবি-র কেন্দ্রীয় দলের সদস্য বলেই অনুমান। এদিন রাতেই এনআইএ-র হাতে তুলে দেওয়া হয় সাজিদকে।
বর্ধমান কাণ্ডে আগেই কলকাতা যোগ পাওয়া গিয়েছিল কিন্তু একেবারে খাস কলকাতার বুক থেকে সাজিদের গ্রেফতার হওয়ার পর কলকাতার নিরাপত্তা নিয়ে স্বভাবতই প্রশ্ন উঠছে। এনআইএ-র তরফে আগেই জানানো হয়েছিল যে, মুর্শিদাবাদ লালগোলা মাদ্রাসার কাছেই কোথাও থাকত সাজিদ। কিন্তু এনআইএ তদন্ত শুরু হতেই জেএমবি-র সদস্যরা এধার ওধার ছিটকে পড়ে। মনে কার হচ্ছে অধিকাংশই দক্ষিণ ভারত পালিয়ে গিয়েছে।
কিন্তু কলকাতায় সাজিদের উপস্থিতি এই জল্পনা উস্কে দিচ্ছে তবে কী নিজেদের অপারেশন কলকাতা থেকেই এগিয়ে নিয়ে যেতে চাইছিল জেএমবি। সাজিদের কাছে একটি খাম থেকে নগদ এক লক্ষ টাকাও উদ্ধার করেছে পুলিশ। এই টাকা আরও কয়েকদিন গা ঢাকা দিয়ে থাকার জন্যই সম্ভবত সাজিদের হাতে পৌছে দেওয়া হয়েছিল বলেই মনে করা হচ্ছে।












Click it and Unblock the Notifications