Khela Hobe: মমতা-ইন্দ্রনীলের চমক জনপ্রিয়তায় হারাবে দেবাংশুর 'খেলা হবে' গানকে? শেয়ার করলেন বিজেপি কাউন্সিলর সজল
Khela Hobe: 'খেলা হবে' স্লোগান তুলে একের পর এক নির্বাচনে সাফল্য পেয়েছে তৃণমূল কংগ্রেস। ২০২১ সালে নির্বাচনে জেতার পর 'খেলা হবে' প্রকল্প চালু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার ২১ জুলাই থেকে তিনি ১০০ দিনের কাজের বিকল্প হিসেবে 'খেলা হবে' প্রকল্প চালুর কথা বলেছেন।
তৃণমূলের প্রচার থেকে বিজয় মিছিলে এতদিন বেজেছে দেবাংশু ভট্টাচার্যের লেখা খেলা হবে। কিন্তু আগামী বছর লোকসভা ভোটের আগে তার জায়গা কি নিতে চলেছে খোদ দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা গান? তেমন জল্পনাই তুঙ্গে।

'খেলা হবে' স্লোগান প্রথমে বাংলাদেশ থেকেই সামনে এসেছিল। তৃণমূলের হাত ধরে সেই স্লোগান বিপুল জনপ্রিয়তা পেয়েছে। এমনকী একটি হিন্দি ছবির সংলাপেও 'খেলা হবে' রাখা হয়েছিল। যদিও সেন্সরের জেরে সেটি আর ওই ছবিতে রাখা যায়নি। এবার 'খেলা হবে' দিবসের প্রাক্কালে ফের চর্চায় সেই 'খেলা হবে' স্লোগান। নতুন গান সামনে আসায়।
১৬ অগাস্ট সারা রাজ্যে পালিত হয় ফুটবলপ্রেমী দিবস। যদিও ২০২১ সালে বিধানসভা ভোটে বিপুল জনসমর্থন নিয়ে তৃতীয়বার ক্ষমতায় আসার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই দিনটিকে 'খেলা হবে দিবস' বলে ঘোষণা করা হয়। রাজ্য ক্রীড়া ও যুবকল্যাণ দফতর সারা রাজ্যে 'খেলা হবে' দিবস আয়োজন করে। বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করা হয়।

এবার 'খেলা হবে' দিবসের বাজেটে কাটছাঁট করা হয়েছে বলে খবর। খুব আতিশয্য কিছু থাকছে না। যদিও এই দিনটি থেকে রাজ্যে জনপ্রিয় হতে পারে আরেকটি গান। অডিওর সত্যতা যাচাই না করলেও বিভিন্ন মহল থেকে পাওয়া খবরে জানা যাচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই গানটি লিখেছেন, সুর দিয়েছেন এবং গেয়েছেনও। শোনা গিয়েছে ইন্দ্রনীল সেনের গলাও।
মমতা বন্দ্যোপাধ্যায়ের গানের যে সিডিগুলি প্রকাশ করা হয় তার দায়িত্বে থাকেন ইন্দ্রনীল। মমতার লেখা ও সুর দেওয়া গানগুলি বিভিন্ন সংগীতশিল্পী গেয়ে থাকেন। মমতাও গেয়ে থাকেন নিজের লেখা কয়েকটি গান। পুজোর আগে যার নবতম সংযোজন 'খেলা হবে' গান। তবে শুধু 'খেলা হবে দিবস'-এর জন্যই যে এই গান তা নয়। এর মধ্যে কথা রয়েছে তাতে ২০২৪ সালের লোকসভা ভোটে দেশে ইন্ডিয়া জোটের বাজিমাতের ইঙ্গিতও রয়েছে।

স্বাস্থ্যসাথীর খেলা হবে, কন্যাশ্রীর খেলা হবে, ছাত্র-যুবর খেলা হবে, ফুটবলের খেলা হবে, ক্রিকেটের খেলা হবে, অলিম্পিকের খেলা হবে, সুইমিংয়ের খেলা হবে, টেবিল টেনিস খেলা হবে,মাঠে-ময়দানে খেলা হবে, মোহনবাগানের খেলা হবে, ইস্টবেঙ্গলের খেলা হবে, মহমেডানের খেলা হবে। এ সব কথা যেমন রয়েছে তেমনই রয়েছে দেশজুড়ে খেলার কথা। মমতা সভার শেষে যেভাবে স্লোগান দেন, এটা অনেকটা তেমনই।
গানে লেখা রয়েছে সারা দেশে খেলা হবে, সম্প্রীতির খেলা হবে, দেশপ্রেমের খেলা হবে, মাতৃভূমির খেলা হবে, দেশ বাঁচানোর খেলা হবে, বঙ্গভূমির খেলা হবে, ধনধান্যের খেলা হবে। খেলা হবে, জেতা হবে, জয় করব রে। জয় বাংলা জয় বাংলার জয়, জয় ভারতের জয়, জয়হিন্দের জয়, বন্দেমাতরমের জয়। মা মাটি মানুষের জয়। জয় হবে, জয় হবে রে।
বিজেপি নেতা সজল ঘোষ হোয়াটসঅ্যাপ কথোপকথনের সঙ্গে গানের অডিও শেয়ার করে লিখেছেন, "১৫ তারিখ স্বাধীনতা দিবস আর ১৬ অগাস্ট পশ্চিমবঙ্গের খেলা হবে দিবস। ওইদিন এই গানটা সব বাড়িতে বাজাতে হবে, সবাইকে গাইতে হবে। কার গান, কার নির্দেশ, এটা নিশ্চয়ই আমাকে আলাদা করে বলে দিতে হবে না।" যদি এই গান বাজে তাহলে লোকসভা ভোটে দেবাংশুর খেলা হবে গান, সেই গানের রিমিক্স পড়বে বড় চ্যালেঞ্জেরই মুখে।
(ছবি- পিটিআই, দেবাংশু ভট্টাচার্য ফেসবুক)












Click it and Unblock the Notifications