Tigers In India: রয়্যাল বেঙ্গলের উপস্থিতিতে খুশির হাওয়া বক্সায়, ভারতে কোন রাজ্যে সবচেয়ে বেশি বাঘ রয়েছে?
Tigers In India: বিশ্ব বাঘ দিবস উদযাপিত হয়েছে গতকাল। আর সেদিনই বক্সা ব্যাঘ্র প্রকল্পের জন্য খুশির খবর দিল কেন্দ্রীয় সরকার। রয়্যাল বেঙ্গল টাইগারের অস্তিত্বের কথা স্বীকার করে নিল ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটি।
যে সময় মানুষের মনে সন্দেহ দানা বেঁধেছিল যে, আদৌ বক্সায় বাঘের অস্তিত্ব আছে কিনা, ঠিক সেই সময় ব্যাঘ্র শুমারির রিপোর্টেই এলো সুখবর। স্বাভাবিকভাবেই খুশির হাওয়া উত্তরের জঙ্গলমহলে।

শনিবার উত্তরাখণ্ডের করবেট ন্যাশনাল পার্কে কেন্দ্রীয়ভাবে গোটা দেশের ব্যাঘ্র শুমারির রিপোর্ট প্রকাশ করে ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটি। সেই রিপোর্টে দেখা যায়, বক্সায় একটি রয়্যাল বেঙ্গল টাইগারের অস্তিত্বের কথা লিপিবদ্ধ আছে ওই রিপোর্টে।
উত্তরবঙ্গের জঙ্গলে মোট দুটি রয়েল বেঙ্গল টাইগারের অস্তিত্ব পাওয়া গেছে বলে জানিয়েছে ওই রিপোর্ট। তারই মধ্যে একটি রয়েছে, বক্সা ব্যাঘ্র প্রকল্পে। এই খবরে সাধারণ মানুষের সঙ্গে খুশিতে মেতেছেন বক্সা ব্যাঘ্র প্রকল্পের বনকর্তারা। পরিবেশপ্রেমীরাও উচ্ছ্বাসিত। এর আগে ২০১৮ সালে ব্যাঘ্র শুমারিতে বক্সার জঙ্গলে কোনও বাঘের অস্তিত্ব স্বীকার করেনি ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটি।

উল্লেখ্য, ২০২১ সালের ২১ ডিসেম্বর বক্সায় রয়্যাল বেঙ্গলের অস্তিত্বের কথা সামনে এসেছিল। বক্সার গভীর জঙ্গলে ট্রাপ ক্যামেরায় তোলা রয়্যাল বেঙ্গলের ছবি প্রকাশ করেছিলেন বক্সা ব্যাঘ্র প্রকল্পের অধিকর্তা। এই প্রসঙ্গে বক্সা ব্যাঘ্র প্রকল্পের পশ্চিম ক্ষেত্র উপাধিকর্তা পারভিন কাসওয়ান বলেন, এটা আমাদের জন্য খুবই ভালো খবর, আশা করছি পরবর্তী ব্যাঘ্র শুমারিতে বাঘের সংখ্যা বক্সাতে বাড়বে। বক্সাকে বাঘের নিরাপদ আশ্রয়স্থল হিসেবে গড়ে তোলার জন্য ইতিমধ্যেই দুটো বনবস্তি অন্যত্র সরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু করা হয়েছে।

সারা দেশে বাঘের মোট সংখ্যার গড় ৩৬৮২ বলে উল্লেখ রয়েছে ওই রিপোর্টে। ২০২২ সালের বাঘ শুমারির ভিত্তিতে তৈরি রিপোর্টটিতে বলা হয়েছে, সারা দেশে বাঘের সর্বনিম্ন সংখ্যা ৩১৬৭ এবং সর্বাধিক ৩৯২৫ হতে পারে। যা ২০১৮ সালের তুলনায় বেশ কিছুটা বেশি। মধ্যপ্রদেশে ২০১৮ সালে বাঘের সংখ্যা যেখানে ছিল ৫২৬, সেটা বেড়ে হয়েছে ৭৮৫।
কর্নাটকে ৫৬৩, উত্তরাখণ্ডে ৫৬০ ও মহারাষ্ট্রে ৪৪৪টি বাঘের অস্তিত্ব থাকার কথা উল্লিখিত আছে রিপোর্টে। উত্তরবঙ্গে ২০০৬ সালে যেখানে বাঘের সংখ্যা ছিল ১০, সেটা ২০১৪ সালে দাঁড়ায় তিনে। ২০১৮ সালে সংখ্যাটি নেমে গিয়েছিল শূন্যে। ২০২২-এর শুমারি অনুযায়ী হয়েছে ২। সুন্দরবনে ২০১০ সালে বাঘের সংখ্যা ছিল ৭০। ২০১৪ ও ২০১৮ সালে হয়েছিল যথাক্রমে ৭৬ ও ৮৮। এবার দেখানো হয়েছে ১০১টি।












Click it and Unblock the Notifications