ডেলোতে মুখ্যমন্ত্রীর সঙ্গে গোপন বৈঠকের কথা মানলেন গৌতম কুণ্ডু

২০১২ সালের পয়লা মার্চ রাত বারোটা নাগাদ ডেলো রিসর্টে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন সুদীপ্ত সেন ও গৌতম কুণ্ডু। সঙ্গে ছিলেন মুকুল রায়। সিবিআইকে দেওয়া ৯১ পাতার চিঠিতে এমন অভিযোগই করেছেন কুণাল ঘোষ। কুণালবাবু নিজেও সেই বৈঠকে ছিলেন।
গতকাল ইডি জেরা করে রোজ ভ্যালির কর্ণধার গৌতম কুণ্ডুকে। সেখান থেকে বেরিয়ে এসে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা প্রসঙ্গে বলেন, "হ্যাঁ, ডেলোতে বৈঠক করেছিলাম মুখ্যমন্ত্রীর সঙ্গে। ল্যান্ড অ্যালটমেন্ট নিয়ে কথা বলতে গিয়েছিলাম।" তিনি আরও জানান, সঙ্গী ছিলেন রোজ ভ্যালির এমডি শিবময় দত্ত।
গৌতমবাবুর এই স্বীকারোক্তির পরই বিরোধীদের তোপ, নবান্নে না গিয়ে কেন ডেলোতে গেলেন তিনি? আর গভীর রাতেই বা কেন? কলকাতা পুরভোটের আগে তাই বিরোধীরা এই ডেলো বৈঠককে হাতিয়ার করে লড়তে চাইছে।
অন্যদিকে, রোজ ভ্যালি গোষ্ঠীর আড়াই হাজার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিল করে দিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। এর মধ্যে কর্মীদের স্যালারি অ্যাকাউন্ট-ও রয়েছে। ফলে পুজোর আগে বেতন পাওয়া নিয়ে সমস্যা দেখা দিয়েছে। পাশাপাশি, সারদা-কাণ্ডের তদন্ত শেষ করেই সিবিআই পূর্ণ শক্তি নিয়ে রোজ ভ্যালি ইস্যুতে ঝাঁপিয়ে পড়তে চায় বলে জানা গিয়েছে।












Click it and Unblock the Notifications