সল্টলেকে ব্যবসায়ীর বাড়িতে ঢুকে স্ত্রীকে মেরে লুঠ
সল্টলেকে ব্যবসায়ীর বাড়িতে ঢুকে স্ত্রীকে মেরে লুঠ।
দিনদুপুরে সল্টলেকে এক ব্যবসায়ীর স্ত্রীকে মারধর করে লক্ষাধিক টাকা ও সোনার গয়না লুঠের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশের বিরুদ্ধে নিরাপত্তায় গাফিলতির অভিযোগ উঠেছে।

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, শুক্রবার দুপুরে সল্টলেকের বি ডি ব্লকের বাসিন্দা ব্যবসায়ী রামচন্দ্র ধোনার বাড়িতে কড়া নাড়ে এক ব্যাক্তি। সেই সময় ঘরে উপস্থিত ছিলেন রামচন্দ্রের স্ত্রী রেনু ধোনা। অভিযোগ, মহিলা দরজা খুলতেই তাঁর উপর চড়াও হয় ওই ব্যক্তি। রেনু ধোনাকে ঘরের ভিতরে ধাক্কা মেরে ফেলে তাঁকে ওই দুষ্কৃতী বেধড়ক মারধর করার পাশাপাসি মাথায় ভারী বস্তু দিয়ে আঘাত করে হত্যার চেষ্টা করেন বলে অভিযোগ। মহিলা অচৈতন্য হয়ে পড়লে ওই ব্যক্তি ঘরে ঢুকে আলমারি খুলে নগদ লক্ষাধিক টাকা এবং লক্ষাধিক টাকার গয়না নিয়ে চম্পট দেয় বলে ব্যবসায়ী রামচন্দ্র ধোনার অভিযোগ।
পুলিশ সূত্রে খবর, ওই মহিলার মাথায় গুরুতর আঘাত লাগায় অভিযুক্ত সম্পর্কে কোনো তথ্য তিনি বলতে পারছেন না। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে বিধাননগর গোয়েন্দা শাখার পুলিশ। পুলিশের প্রাথমিক অনুমান, কোনো পূর্বপরিচিত ব্যক্তি এই ঘটনার সাথে যুক্ত থাকতে পারে। ওই বাড়িতে এর আগে যতজন পরিচারক বা পরিচারিকা কাজ করেছেন তাদেরকেও সন্দেহের তালিকায় রেখে তদন্ত চালাচ্ছে পুলিশ।












Click it and Unblock the Notifications