দুর্গাপুরের পেট্রোল পাম্পে ভয়াবহ ডাকাতি, ডাকাতকে চিনে ফেলায় গুলি করে খুন লরিচালককে
পেট্রোল পাম্পে ভয়াবহ ডাকাতি হল বর্ধমানের দুর্গাপুরের কোকওভেনে। ডাকাতকে চিনে ফেলায় লরির চালককে গুলি করে খুন করল এক ডাকাত। নিহতের নাম মদন চৌহান। লক্ষাধিক টাকা হাতিয়ে গুলি করতে করতে চম্পট দেয় ডাকাত।
দুর্গাপুর, ২৪ অক্টোবর : পেট্রোল পাম্পে ভয়াবহ ডাকাতি হল বর্ধমানের দুর্গাপুরের কোকওভেনে। ডাকাতকে চিনে ফেলায় লরির চালককে গুলি করে খুন করল এক ডাকাত। নিহতের নাম মদন চৌহান। লক্ষাধিক টাকা হাতিয়ে গুলি করতে করতে চম্পট দেয় ডাকাত। স্থানীয় ওই ডাকাত দীপক সাহুর খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
রবিবার সন্ধ্যা। তখন পেট্রল পাম্পে বেশ কয়েকজন গ্রাহক রয়েছেন। রয়েছে লরি-সহ অন্যান্য গাড়িও। আচমকাই আগ্নেয়াস্ত্র নিয়ে দুষ্কৃতী হানা দেয় পেট্রল পাম্পে। যে যেখানে দাঁড়িয়ে ছিল সেখান থেকে যেন না নড়ে, হুমকি দেয় ডাকাত। এরপর পেট্রোল পাম্প কর্মীর মাথায় বন্দুক ঠেকিয়ে হাতিয়ে নেয় লক্ষাধিক টাকা।

মুখোশ পরে থাকলেও, দুষ্কৃতীকে চিনতে পেরে যান প্রত্যক্ষদর্শীরা। বিশেষ করে লরি চালক মদন চৌহান তাকে চিনে ফেলেন। তখনই এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে সে। এরই মধ্যে গুলি লাগে মদনের বুকে। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন তিনি। এরপরই গুলি চালাতে চালাতে পালিয়ে যায় ওই ডাকাত।
রক্তাক্ত লরি চালককে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়ার বন্দোবস্ত করেন পেট্রল পাম্পকর্মী ও গ্রাহকরা। হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। খবর দেওয়া হয় থানায়। সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে আসে পুলিশ। কিন্তু দুষ্কৃতীকে ধরতে পারেনি। তার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।












Click it and Unblock the Notifications