আগেই রাস্তা নির্মাণ, হয়নি টেন্ডার জারি! কৃষ্ণনগর পুরসভায় দুর্নীতির গন্ধ,জল গড়াল হাই কোর্টে
কৃষ্ণনগর পুরসভায় ফের দুর্নীতির অভিযোগে তোলপাড়। অভিযোগ কোনপ্রকার টেন্ডার জারি হওয়ার আগেই তৈরি হয়ে গিয়েছে রাস্তা! আর সেই অভিযোগ নিয়েই এবার কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন পুরসভার একাংশ কাউন্সিলর। কাঠগড়ায় রয়েছেন পুরসভার ভাইস চেয়ারম্যান নরেশচন্দ্র দাস সহ কয়েকজন আধিকারিক।
জানাগেছে কৃষ্ণনগর পুরসভার ২৪ নম্বর ওয়ার্ডের কদমতলা ইমারশন ঘাট সংলগ্ন প্রায় ৫০০ মিটার দীর্ঘ রাস্তা নির্মাণকে ঘিরে দুর্নীতির অভিযোগ উঠেছে। নিয়ম মেনে কাজ শুরুর আগে টেন্ডার না করেই ওই রাস্তা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে বলে অভিযোগ। সূত্রের খবর, ২৫ সেপ্টেম্বর টেন্ডার নোটিস ইস্যু করা হয়, টেন্ডার জমা দেওয়ার শেষ দিন ১৬ অক্টোবর, আর খোলার দিন ২৫ অক্টোবর। অথচ ৩০ সেপ্টেম্বরের মধ্যেই কাজ শেষ! স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে তাহলে টেন্ডার ছাড়াই কাজের বরাত পেল কে? কীভাবে বরাদ্দ হল টাকা? কার স্বার্থে বা কার পকেট ভরাতে এমনটা করা হল?
এই একাধিক প্রশ্ন তুলেই কৃষ্ণনগর পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা প্রাক্তন চেয়ারপার্সন রীতা দাস সহ মোট ৮ জন কাউন্সিলর হাই কোর্টে মামলা দায়ের করেছেন। তাঁদের অভিযোগ, দুই বছর আগে একই রাস্তা তৈরি হয়েছিল প্রায় ২৩ লক্ষ টাকায়। সেই সময় চুক্তি অনুযায়ী, পাঁচ বছরের মধ্যে রাস্তা নষ্ট হলে কন্ট্রাক্টরকেই মেরামত করতে হতো। কিন্তু সেই নিয়ম না মেনে ফের নতুন টেন্ডার ডেকে একই রাস্তার জন্য এবার খরচ দেখানো হয়েছে প্রায় ৪৫ লক্ষ টাকা,যা আগের খরচের প্রায় দ্বিগুণ।

অভিযোগকারীদের দাবি, ওই ৪৫ লক্ষ টাকা তছরুপের উদ্দেশ্যেই এই নতুন টেন্ডার প্রক্রিয়া সাজানো হয়েছে। তাঁদের মতে, এই 'নিয়মবহির্ভূত' কাজের নেপথ্যে রয়েছেন ভাইস চেয়ারম্যান নরেশচন্দ্র দাস ও কয়েকজন পুর আধিকারিক।
উল্লেখ্য, এর আগেও এই একই ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল,তাঁর উদ্যোগেই নির্দল ও কংগ্রেস কাউন্সিলরদের সহযোগিতায় তৃণমূলের নির্বাচিত চেয়ারপার্সনকে অপসারণ করা হয়েছিল। এবার তাঁর নাম জড়াল টেন্ডার দুর্নীতির মামলায়।
জানা গিয়েছে, হাই কোর্টের পুজো অবকাশকালীন বেঞ্চেই এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। ফলে টেন্ডারের আগেই রাস্তা তৈরির এই চাঞ্চল্যকর ঘটনায় এখন চেয়ে আছে কৃষ্ণনগর পুরসভা,আদালতের রায়েই দুর্নীতির রহস্যের পর্দা ফাঁস বলে মনে করছেন অনেকেই।












Click it and Unblock the Notifications