আরজি কর কাণ্ড: "মা-বোনদের কুৎসা রটিয়ে যদি দরজায় টাঙিয়ে দিয়ে আসি", বেলাগাম মন্তব্য তৃণমূল নেতার
আরজি কর কাণ্ড ঘিরে রাজ্যে রাজনৈতিক উত্তাপ রোজ বাড়ছে। এবার সেই উত্তাপ আরও বাড়ল অশোকনগরের তৃণমূল নেতার বক্তব্যে৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে যারা কুৎসা করছেন। তাদের মা - বোনদের বিকৃত কুৎসা পোস্টার বাড়ির দেওয়ালে টাঙিয়ে আসার হুঁশিয়ারি দেওয়া হল।
'ফোঁস' করলেন? না কি তালিবানি ফতোয়া দিলেন অশোকনগরের এই তৃণমূল নেতা। অতীশ সরকার অশোকনগর পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর। তার স্ত্রী এখন ওই ওয়ার্ডের কাউন্সিলর। একজন প্রাক্তন জনপ্রতিনিধি কীভাবে এই ভাষায় কথা বলতে পারেন? সেই প্রশ্ন উঠতে শুরু করেছে।

আরজি করের ঘটনা নিয়ে তৃণমূলের দলীয় কর্মসূচি ছিল রবিবার। অশোকনগরের ওই কর্মসূচিতে আক্রমণাত্মক বিতর্কিত মন্তব্য করেন অতীশ। তৃণমূল সুপ্রিমো মেয়ো রোডের সভায় দলের নেতা - কর্মীদের 'ফোঁস' করতে বলেছিলেন। সেই কথার সূত্র ধরেই লাগামহীন বক্তব্য অতীশের। তিনি বলেন, " মমতা বন্দ্যোপাধ্যায় ফোঁস করতে বলেছেন, সাবধান হয়ে যান। আমরা যদি পাড়ায় পাড়ায় ফোঁস করতে শুরু করি, তবে বাড়ি থেকে বেরোতে পারবেন তো? "
এরপর আরও বিতর্কিত মন্তব্য করেন তিনি। ওই তৃণমূল নেতা বলেন, " আমরা যদি ফোঁস করি, আপনার বাড়ির মা - বোনসের কুৎসা রটিয়ে যদি দরজায় টাঙিয়ে দিয়ে আসি, তাহলে সেই পোস্টার খুলতে পারবেন না। ওই দিন আর বেশি দূরে নেই। আমি দায়িত্ব নিয়ে বলে গেলাম।"
কীভাবে একজন শাসক দলের প্রতিনিধি এমন মন্তব্য করতে পারেন? এর নাম কি ফোঁস করা? না কী তালিবানি হুমকি? সেই প্রশ্ন উঠতে শুরু করেছে। গতকাল রবিবার কলকাতার রাজপথে সাধারণ মানুষ থেকে শিল্পী, অভিনেতা - অভিনেত্রীরা মিছিল করেছিলেন। আরজি করের ঘটনার শাস্তির দাবিতে রাতভর ধর্মতলায় ধর্না কর্মসূচিও চলে। আর সেই দিনই এই বক্তব্য রেখেছেন অশোকনগরের তৃণমূল নেতা।
বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এই বক্তব্যের ভিডিও এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন। তিনি সেখানে লিখেছেন, " মুখ্যমন্ত্রীর নিদানের পরই তৃণমূলের 'গুণধর' লুম্পেন বাহিনীর ভাষণ শুনুন! অন্যায়ের প্রতিবাদ করলেই নাকি প্রতিবাদীদের বাড়ির মা-বোনদের বিকৃত ছবি দেওয়ালে টাঙিয়ে দেবে বলছে অশোকনগর কল্যাণগড় পৌরসভার কাউন্সিলরের স্বামী।"












Click it and Unblock the Notifications