RG Kar Doctors' Protest: স্বাস্থ্য ভবনে অবস্থান তোলার আগে কাল সিজিও অভিযান, চলবে আংশিক কর্মবিরতি, আন্দোলন
RG Kar Doctors' Protest: আরজি কর কাণ্ডে সিবিআইয়ের উপর চাপ তৈরি করতে কাল সিজিও কমপ্লেক্স অভিযানের ডাক দিলেন জুনিয়র চিকিৎসকরা। কাল স্বাস্থ্য ভবনের সামনে থেকে অবস্থান উঠে যাচ্ছে।
বন্যাদুর্গতদের পাশে থাকতেও বিশেষ পরিকল্পনা ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের। শনিবার থেকে বিভিন্ন কলেজে আন্দোলন চালানোর ফাঁকে অত্যাবশ্যকীয় পরিষেবায় যোগদান করবেন আন্দোলনরত চিকিৎসকরা। চলবে আংশিক কর্মবিরতি।

গতকাল নবান্ন সভাঘরে মুখ্য সচিব মনোজ পন্থের সঙ্গে বৈঠকে বসেছিলেন আন্দোলনরত চিকিৎসকরা। সেই বৈঠকে যে দাবিগুলি তাঁরা তুলে ধরা হয়েছিল তার কিছু মেনে নেওয়া হয়েছে। যদিও থ্রেট কালচার, নির্বাচন-সহ বেশ কয়েকটি দাবির প্রেক্ষিতে সরকার কিছু দাবি না মানায় অসন্তোষ ব্যক্ত করছেন আন্দোলনরত চিকিৎসকরা।
আন্দোলনরত চিকিৎসকদের তরফে সাংবাদিক বৈঠকে এদিন বলা হয়, ন্যায়বিচারের দাবিতে লড়াই শেষ হয়নি। রাজপথে প্রতিবাদ চলবে। বিভিন্ন মেডিক্যাল কলেজেও অবস্থান চলবে। সিবিআইয়ের কাছে দ্রুত তদন্ত শেষ করা ও ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানিয়ে কাল হবে সিজিও কমপ্লেক্স অভিযান।
বিকেল তিনটেয় সিজিও কমপ্লেক্স অভিযান। তারপরই তুলে নেওয়া হবে স্বাস্থ্য ভবনের সামনে অবস্থান বা ধর্নামঞ্চ। শনিবার থেকে মেডিক্যাল কলেজগুলিতে ফিরে গিয়ে জুনিয়র চিকিৎসকরা অত্যাবশ্যকীয় পরিষেবায় যোগদান করবেন। বিভিন্ন কলেজে বিভিন্ন বিভাগে এই বিষয়গুলি ভিন্ন। সেক্ষেত্রে কীভাবে কাজে যোগদান হবে, তা ঠিক হবে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর মেনেই।
আন্দোলনরত চিকিৎসকরা আরও বলেছেন, রাজ্যের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। মানবিক জায়গা এড়াতে পারি না। চিকিৎসকরা কর্তব্যের জায়গা এড়িয়ে যেতে পারেন না। ফলে কাল থেকেই বন্যা কবলিত জায়গাগুলিতে ত্রাণ পৌঁছে দিয়ে শিবির খুলবে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট।
রাজ্য সরকার এদিন যে ১০ দফা নির্দেশিকা প্রকাশ করেছে তাতে আন্দোলনরত চিকিৎসকদের কিছু দাবি মানা হয়নি। আবার কিছু ক্ষেত্রে দ্রুত কাজ করা হবে বললেও সুনির্দিষ্ট করে সময়সীমা দেওয়া হয়নি। ফলে আংশিক কর্মবিরতি চালিয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন জুনিয়র চিকিৎসকরা।
তাঁদের দাবি না মানা হলে ভবিষ্যতে ফের কর্মবিরতির পথে হেঁটে আন্দোলন তীব্রতর করার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। দিন সাতেকের মধ্যে রাজ্য কোনও পদক্ষেপ করে কিনা তা দেখতে চাইছেন জুনিয়র চিকিৎসকরা। তাঁদের কথায়, স্বাস্থ্য ভবনের সামনে অবস্থান তোলায় সরকার যেন ভেবে না নেয় আন্দোলন মিটিয়ে নিতে চাইছি আমরা। আন্দোলন জারি থাকবে। সুনির্দিষ্ট কর্মসূচি, পদক্ষেপের মাধ্যমে।
আন্দোলনকারী চিকিৎসকদের কথায়, আমাদের নজর থাকবে সুপ্রিম কোর্টে ২৭ তারিখে শুনানির দিকে। ন্যায়বিচার না পাওয়া, আমাদের দাবি না মানা পর্যন্ত আন্দোলনের রাস্তা থেকে সরছি না। সিবিআই দ্রুত তদন্তের জাল গোটাক। প্রকৃত দোষীদের শাস্তি হোক।
আন্দোলনকারী চিকিৎসকরা আরও বলেছেন, সুরক্ষা, নিরাপত্তা, থ্রেট কালচার নিয়ে আমাদের সব দাবি সরকার মানেনি। অনেকে বলছেন অভয়ার জন্য আন্দোলন শুরু করে কেন ইলেকশন বা অ্যাসোসিয়েশন আমরা চাইছি? চাইছি তার কারণ যাতে আর দ্বিতীয় অভয়া না হয়। প্রাতিষ্ঠানিক খুন হয়েছে আরজি করে। কিছু ভীতির পরিবেশ বন্ধ হওয়া দরকার সেই ধরনের ঘটনা এড়াতে। তবে অনেক বিষয়েই সরকার সদর্থক পদক্ষেপ করেনি।
আন্দোলনকারীদের কথায়, তাঁদের আন্দোলনের চাপেই সিবিআই সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডলকে গ্রেফতার করেছে। সরকার কিছু উল্লেখযোগ্য পদক্ষেপে বাধ্য হয়েছে। তবে পুলিশি তদন্তে কেন গাফিলতি, এফআইআরে কেন দেরি তার উত্তর স্পষ্ট হয়নি। নগরপালকে সরতে হয়েছে। স্বাস্থ্য ভবনের দুর্নীতি একটা জায়গা অবধি পরিষ্কার করা গিয়েছে। তবে বন্যা পরিস্থিতির কথা বিবেচনা করে সুচিন্তিত সিদ্ধান্ত এদিন নেওয়া হলো জিবি মিটিংয়ে।












Click it and Unblock the Notifications