Shantanu Sen on RG Kar Hospital: আরজি কর কাণ্ডে মুখ খুলতেই পদ খোয়ালেন তৃণমূলের প্রাক্তন সাংসদ
Shantanu Sen on RG Kar Hospital: আরজি কর কাণ্ডে মুখ খোলে শাসকদলের রোষের মুখে তৃণমূলেরই প্রাক্তন সাংসদ শান্তনু সেন৷ সরিয়ে দেওয়া হল দলের মুখপাত্র পদ থেকে। শুধু তাই নয়, আরজি কর কাণ্ড নিয়ে শান্তনু সেন যা বলেছেন তা সম্পূর্ণ ব্যক্তিগত বলেও জানিয়েছেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার।
আরজি কর কাণ্ড (RG Kar Hospital) নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি। লাগাতার পথে নেমে বিক্ষোভ দেখাচ্ছেন সাধারণ মানুষ। বিচারের দাবিতে কর্মবিরতি চালাচ্ছেন জুনিয়ার চিকিৎসকরা। যা নিয়ে চরম চাপের মধ্যে শাসকদল তৃণমূল। ঘটনায় নিঃসন্দেহে চাপ বেড়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারেরও (West Bengal CM)।

আর এই প্রেক্ষাপটে আরজি কর হাসপাতাল নিয়ে একের পর এক বিস্ফোরক মন্তব্য করেন তৃণমূল মুখপাত্র শান্তুনু সেন (Shantanu Sen)। স্পষ্ট জানিয়ে দেন, যা বলার বলেছেন, আগামীদিনে আরজি কর হাসপাতাল নিয়ে আর কোনও বক্তব্য দেবেন না।
বিবেক থেকেই এই সিদ্ধান্ত বলেও মন্তব্য করেন এই তৃণমূল নেতা (Shantanu Sen on RG Kar Hospital)। শুধু তাই নয়, আরজি করের পড়াশোনার মান এবং প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ভূমিকা নিয়ে একের পর এক বিস্ফোরক মন্তব্য করেন। শান্তনু সেনের আরও অভিযোগ ছিল, আরজি করে পড়তে গিয়ে হেনস্থার মুখে পড়তে হয়েছে তাঁর ডাক্তারি পড়ুয়া মেয়েকেও৷ একের পর এক এহেন মন্তব্যে একেবারে শোরগোল পড়ে যায়। আর এরপরেই দলের মুখপাত্র পদ থেকে সরিয়ে দেওয়া হল শান্তনু সেনকে৷ যা খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
এই প্রসঙ্গে জয়প্রকাশ মজুমদার বলেন, শান্তনু সেনকে মুখপাত্র পদ থেকে অব্যহতি দেওয়া হয়েছে। উনি যে বক্তব্য দিয়েছেন তা তাঁর ব্যক্তিগত বলেও মন্তব্য করেন। শুধু তাই নয়, এই প্রসঙ্গে তৃণমূল নেতার দাবি, বেহালার মিটিং থেকে বুধবারই কিছুটা জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শান্তনু সেনের এই ঘটনায় যা বলেছেন তা সবটাই ব্যক্তিগত মত। কোনও ভাবেই দল এর দায় নেবে বলে দাবি করেছেন জয়প্রকাশ মজুমদার।
যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত শান্তনু সেনের তরফে কোনও মন্তব্য পাওয়া যায়নি। তবে বুধবারই তৃণমূল নেতা স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, তিনি তৃণমূলের অনুগত সৈনিক। এহেন মন্তব্যে মুখ্যমন্ত্রী ভুল বুঝবেন। কিন্তু সত্যিটা তাঁর কাছে পৌঁছে দেওয়া নৈতিক কর্তব্য বলেও মন্তব্য করেন প্রাক্তন এই সাংসদ।












Click it and Unblock the Notifications