RG Kar Hospital Doctor Death: বাংলায় ধর্ষণের সাজা ফাঁসি? জল্পনার মধ্যেই বিধানসভায় বসছে বিশেষ অধিবেশন
RG Kar Hospital Doctor Death: অভয়া'কে নৃশংস ভাবে ধর্ষণ করে খুনের ঘটনায় আন্দোলন আরও তীব্র হচ্ছে। ঝাঁঝ বাড়ছে প্রতিবাদের। বিচারের পাশাপাশি মহিলা নিরাপত্তার দাবি উঠছে সর্বস্তরে। আর এর মধ্যেই বিশেষ অধিবেশন বসছে বিধানসভায়। আজ সোমবার থেকে বিশেষ অধিবেশন বসতে চলেছে।
ধর্ষণের ঘটনায় কড়া আইনের দাবি উঠছে। ফাঁসির দাবি জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুদিনের এই বিশেষ অধিবেশনে এই বিষয়ে বিশেষ আইন পাশ করতে চলেছে সরকার (West Bengal Govt)। আজ অধিবেশন বসলেও আগামীকাল মঙ্গলবার ভোটাভুটির মাধ্যমে এই বিল পাশ করানো হবে সিদ্ধান্ত (RG Kar Hospital Doctor Death)।

এরপর সেটি রাজ্যপাল সিভি আনন্দ বোসের কাছে পাঠানো হবে। আর তা যাতে দ্রুত সই করে দেন রাজ্যপাল সেজন্য সরকারের তরফে দাবিও জানানো হবে বলে জানা গিয়েছে। যদিও এই বিষয়ে আগেই হুমকি দিয়ে রেখেছেন মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন, এই বিল পাশ করানো নিয়ে গড়িমসি করলে রাজভবনের বাইরে ধর্নায় বসবেন মহিলারা।
এর আগে বিভিন্ন বিষয়ে বহু বিল পাশ করানো হলেও তা রাজভবনেই আটকে থাকার অভিযোগ বারবার তুলেছেন মুখ্যমন্ত্রী। তবে এই বিল নিয়ে কোনও ভাবেই যে গড়িমসি মানবেন না তা স্পষ্ট করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
রাজ্যপালের সই'য়ের পরেই নিয়ম অনুযায়ী এরপর সেটিকে রাষ্ট্রপতির কাছে সম্মতির জন্য পাঠানো হবে। তার সাক্ষরের পরেই আইন হিসাবে কার্যকর হবে বিলটি। জানা গিয়েছে, মঙ্গলবার প্রস্তাবিত বিল নিয়ে আলোচনায় খোদ মুখ্যমন্ত্রী অংশ নেবেন। বিলকে সমর্থন করা নিয়ে এখনও পর্যন্ত প্রধান বিরোধী দল বিজেপির তরফে কোনও বক্তব্য পাওয়া যায়নি।
বলে রাখা প্রয়োজন, গত কয়েকদিন আগে ছাত্র সমাবেশ থেকে ধর্ষণের সাজা ফাঁসির দাবি জানান মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি এই বিষয়ে কড়া আইন আনার ঘোষণাও করেন। তিনি জানান, দশ দিনের মধ্যে বিধানসভায় বিশেষ অধিবেশন ডেকে এই বিল পাশ করানো হবে। এরপরেই মন্ত্রিসভার বৈঠক হয় নবান্নে। সেখানেই বিল আনার প্রস্তাবে অনুমোদন দেয় মন্ত্রিসভা। তবে এই বিলের সাজা কি ফাঁসি? তা নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা।












Click it and Unblock the Notifications