BJP Calls Strike: আরজি কর কাণ্ডে আন্দোলনের ঝাঁঝ বাড়াচ্ছে বিজেপি, কাল ১২ ঘণ্টার বনধের ডাক
BJP Calls Strike: পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের নবান্ন চলো কর্মসূচিকে কেন্দ্র করে কলকাতা ও হাওড়ার বিভিন্ন এলাকা রণক্ষেত্রের আকার নিয়েছে। গ্রেফতার হয়েছেন অনেকে।
চলেছে জলকামান, টিয়ার গ্যাসের শেল ফাটানো হয়েছে। মাথা ফেটেছে দুই পুলিশকর্মীর। এরই মধ্যে কাল বাংলায় ১২ ঘণ্টার সাধারণ বনধের ডাক দিল রাজ্য বিজেপি।

বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, আজ পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের আন্দোলন সাধারণ মানুষের আন্দোলন। বোনের নিরাপত্তার কথা ভেবে দাদা, সন্তানের সুরক্ষার কথা ভেবে বাবা পথে নেমেছেন। দুর্নীতির প্রতিবাদ করতে অরাজনৈতিক মানুষও আন্দোলনে সামিল হয়েছেন। কিন্তু এই আন্দোলনের চরিত্র বুঝতে না পেরে একে রাম-বামের আন্দোলন বলে কটাক্ষ করেছিল তৃণমূল।
সুকান্তর কথায়, বামেরা আগেই বলেছে এদিনের আন্দোলন নাকি বিজেপি, আরএসএসের। বামেরা তৃণমূলের সঙ্গে সেটিং করে চলেছে। মনে রাখবেন, আজ যে মেয়েটির মাথা ফাটানো হলো বা যে ছাত্রদের গ্রেফতার করা হলো, কাল তা আপনার বাড়ির কারও সঙ্গেও হতেই পারে। তাই কাল সকলে সাধারণ বনধ সফল করুন, একটা দিন কষ্ট করে হলেও।
সুকান্ত মজুমদার বলেন, ছাত্র সমাজের আন্দোলন দমন করতে জলে কেমিক্যাল মিশিয়ে স্প্রে করল পুলিশ, এটা মানা যায় না। টিয়ার গ্যাসের শেল ফাটানো হলো। সাধারণ মানুষের মন বুঝতে ব্যর্থ মুখ্যমন্ত্রী। দমন-পীড়নের মাধ্যমে তিনি ক্ষমতায় টিকে থাকতে মরিয়া। তাঁর ওই পদে থাকার কোনও অধিকার নেই।
বিজেপির রাজ্য সভাপতি হেল্পলাইন নম্বর প্রকাশ করে জানান, ছাত্র সমাজের যাঁরা আহত হয়েছেন তাঁদের চিকিৎসা পরিষেবা ও যাঁদের গ্রেফতার করা হয়েছে তাঁদের আইনি সহায়তা প্রদান করবে রাজ্য বিজেপি। আরজি করে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ন্যায়বিচার চেয়ে রাস্তায় নেমে কোনও ভুল করেনি ছাত্র সমাজ। তাঁদের উপর বর্বরোচিত আক্রমণ হয়েছে। সে কারণেই সাধারণ বনধ ডাকা হলো কাল সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা অবধি।
সুকান্ত জানান, ধর্মতলায় বিজেপির ধর্নায় অনুমতি দেয়নি পুলিশ। কলকাতা হাইকোর্ট থেকে অনুমতি নিয়ে তা করা হবে। সেটা কাল বা পরশু শুরু হতে পারে। ২ সেপ্টেম্বর জেলাশাসকের কার্যালয় ঘেরাও, ৪ সেপ্টেম্বর ব্লকে ব্লকে ধর্না, ৬ সেপ্টেম্বর মন্ডলে মন্ডলে চাক্কা জ্যাম কর্মসূচির ঘোষণা করা হয়েছে। বিজেপি মহিলা মোর্চা মহিলা কমিশনে তালা লাগানোর কর্মসূচি নিয়েছে। বিজেপির সঙ্গে কোনও যোগাযোগ নেই, এমন কেউ চাইলেও এই কর্মসূচিতে যোগ দিতে পারেন বলে জানান সুকান্ত।












Click it and Unblock the Notifications