RG Kar Hospital: আরজি কর কাণ্ডে সিবিআই র্যাডারে তৃণমূল বিধায়ক, বাড়ি-নার্সিংহোমে তল্লাশি গোয়েন্দাদের
RG Kar Hospital Doctor Death: আরজি কর কাণ্ডে চাঞ্চল্যকর মোড়। শ্রীরামপুরের তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায়ের অফিস এবং নার্সিংহোমে তল্লাশি সিবিআই'য়ের। একই সঙ্গে বিটি রোড সংলগ্ন বাড়িতেও পৌঁছে গিয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। একেবারে কেন্দ্রীয় বাহিনী দিয়ে মুড়ে ফেলা হয়েছে গোটা চত্বর। জানা যাচ্ছে, অফিসে রয়েছেন আরজি কর হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান সুদীপ্ত রায়।
তাঁকেও সিবিআইয়ের আধিকারিকরা জেরা করছেন বলে জানা যাচ্ছে। 'অভয়া'কে ধর্ষণ করে খুনের উত্তাল উত্তাল বাংলা (RG Kar Hospital Doctor Death)। ঘটনার একমাস কেটে গিয়েছে। এখনও পর্যন্ত তদন্তের অগ্রগতি ঠিক কোন অবস্থায় তা এখনও স্পষ্ট নয়। যা নিয়ে জনমানসের মধ্যে ক্ষোভ বাড়ছে। বিচার চেয়ে রাজপথ গর্জে উঠছে। রাতের পর রাত দখলের ডাক দিচ্ছেন মহিলারা।

এর মধ্যেই তদন্তে গতি বাড়িয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বুধবার সকাল থেকে একাধিক জুনিয়ার ডাক্তারকে জেরা করেন আধিকারিকরা। একটি টিম প্রেসিডেন্সি জেলে বন্দি ঘটনার মূল অভিযুক্ত সঞ্জয়কেও জেরা করতে পৌঁছে যান। দফায় দফায় জেরা পর্ব চলে। এমনকি সন্ধ্যায় কলকাতা কলকাতা ডিসি নর্থকেও সিজিও কমপ্লেক্সে দেখা যায়। প্রায় এক ঘণ্টা পর সিবিআই দফতর ছাড়েন তিনি।
আর এরপরেই আজ বৃহস্পতিবার সকাল থেকে জোর তৎপরতা। সুদীপ্ত রায়ের অফিস এবং নার্সিংহোমে পৌঁছে গেলেন সিবিআই আধিকারিকরা। সিঁথির মোড়ের কাছে সেই নার্সিংহোম। সেখানে তল্লাশির পাশাপাশি সুদীপ্ত রায়কেও জেরা করা হচ্ছে। পাশাপাশি ডাক্তারবাবুর বাড়িতেও চলছে তল্লাশি। বলে রাখা প্রয়োজন, অভয়ার দেহ উদ্ধারের পরে আরজি কর হাসপাতালে যান তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায়।
এমনকি সাংবাদিক বৈঠক করতে দেখা যায়। তাৎপর্যপূর্ণ ভাবে ঘটনার সময় সেমিনার হলের একটি ভিডিও সামনে আসে। যেখানে বিরূপাক্ষ বিশ্বাস, অভিক দে'কে দেখা যায়। যা নিয়ে বিতর্ক তুঙ্গে। এমনকি ঘটনার পরে সুদীপ্ত রায়ের সঙ্গে সাংবাদিক বৈঠকেও এই দুজনকে দেখা যায়। এই সমস্ত বিষয় নিয়ে জেরা করতেই আরজি কর হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যানকে সিবিআই জেরা করছে বলে খবর। এছাড়াও আরও বেশ কিছু বিষয় নিয়েও তাঁকে জেরা করা হচ্ছে বলে খবর।
বলে রাখা প্রয়োজন, শ্রীরামপুরের তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায় সন্দীপ ঘোষের অন্যতম ঘনিষ্ঠ ছিলেন। এমনকি রাজ্য মেডিক্যাল কাউন্সিলের প্রেসিডেন্টও বটে। একই সঙ্গে হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের বড় পদেও রয়েছেন সুদীপ্ত রায়।












Click it and Unblock the Notifications