পঞ্চায়েতের আগে রাজ্য পুলিশে ব্যাপক রদবদল, বদল জঙ্গিপুরের এসপিকেও
পঞ্চায়েত নির্বাচনের আগেই ঘুঁটি সাজাতে শুরু করেছে রাজ্য প্রশাসন। আর সেই জন্যেই কি এই রদবদল। ইতিমধ্যে তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে বিরোধীরা। যদিও নবান্ন বলছে এটা রুটিন বদলি
সামনেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন। আর সেই নির্বাচন ঘিরে ক্রমশ চড়ছে পারদ। সবকিছু ঠিক থাকলে মে-জুন মাসে পঞ্চায়েত নির্বাচন হতে পারে। আর সেই ভোটের আগে রাজ্য পুলিশে ব্যাপক রদবদল। শুধু রাজ্য পুলিশেই নয়, কলকাতা পুলিশের একাধিক পদেও রদবদল করা হয়েছে।

ইতিমধ্যে নবান্নের তরফে বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।
তবে তাৎপর্যপূর্ণ ভাবে জঙ্গিপুর পুলিশ জেলার সুপারকে বদল করা হয়েছে। এই জঙ্গিপুরের মধ্যেই পড়ে সাগরদিঘি। আর সেখানেই গত কয়েকদিন আগে হওয়া উপ নির্বাচনে কার্যত মুথ খুবড়ে পড়েছে তৃণমূল। আর এরপরেই জঙ্গিপুরের পুলিশ সুপারকে রদবদল করল রাজ্য প্রশাসন। ওই জেলার পুলিশ সুপার পদে ছিলেন ভোলা পাণ্ডে।
তাঁকে থার্ড বাটালিয়নের কমান্ডার করে পাঠানো হয়েছে। তাঁর জায়গাতে অর্থাৎ জঙ্গিপুরের নয়া পুলিশ সুপার করা হয়েছে রাহুল গোস্বামীকে। অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ জ্ঞানবন্ত সিংকেও সরিয়ে দেওয়া হয়েছে। রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের বড় পদ ছিলেন। সিআইডি'র এডিজি পদ থেকে সরিয়ে এই উঁচু পদে আনা হয় তাঁকে।
তবে এবার নয়া বিজ্ঞপ্তি ঘোষণা অনুযায়ী সশস্ত্র পুলিশের এডিজি পদে পাঠানো হল জ্ঞানবন্ত সিংকে। যা অপেক্ষাকৃত অনেক গুরুত্বপদ। কেন তাঁকে এই পদে নিয়ে যাওয়া হল তা নিয়ে একটা প্রশ্ন তৈরি হয়েছে। অন্যদিকে দার্জিলিং জেলার পুলিশ সুপার করা হল প্রবীণ প্রকাশক। যিনি কিনা বিধাননগর পুলিশের ডেপুটি কমিশনার পদে ছিলেন।
একই সঙ্গে ডায়মন্ডহারবার পুলিশ জেলার সুপারকেও বদল করা হয়েছে। ধৃতিমান সরকারকে সরিয়ে পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার করা হয়েছে বলে জানা গিয়েছে। বাঁকুড়া রেঞ্জের বর্তমান ডি.আই.জি মিরাজ খালিদ পুরুলিয়া রেঞ্জের দায়িত্বে যাচ্ছেন। একই সঙ্গে তিনি ঝাড়গ্রাম জেলার দায়িত্বে থাকছেন।
বাঁকুড়া রেঞ্জে তাঁর স্থলাভিষিক্ত হচ্ছেন বাঁকুড়ারই এক সময়ের পুলিশ সুপার মুকেশ। বর্তমানে তিনি ডি.আই.জি এন.ভি.এফ পদে কর্মরত ছিলেন। অন্যদিকে কলকাতা পুলিশেও বেশ কিছু রদবদল করা হয়েছে। যার মধ্যে বড় দায়িত্বে যাচ্ছেন আকাশ মাঘারিয়ার। যিনি কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার (সাউথ) ছিলেন।
শোনা যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের খুবই ঘনিষ্ঠ এই পুলিশ অফসার। তাঁকে নিয়ে বারবার অভিযোগ তুলেছিলেন শুভেন্দু অধিকারী। এবার তাঁকেই প্রেসিডেন্সি রেঞ্জের ডিআইজি হিসাবে স্থলাভিক্ত করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
এছাড়াও পুলিশের একাধিক পদে রদবদল করা হয়েছে। নবান্ন সূত্রে জানা গিয়েছে, এই রদবদল ঘিরে কোনও বিতর্কের জায়গা নেই। একেবারে নিয়ম মেনেই এটি রুটিন বদলি বলে দাবি করা হয়েছে।












Click it and Unblock the Notifications