ভোটের আগে চাষিদের স্বস্তি! ৯.৫০ টাকা কেজি দরে আলু কিনবে রাজ্য সরকার

বিধানসভা নির্বাচনের আগে কৃষকদের স্বার্থরক্ষায় বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। চাষিদের কাছ থেকে নির্দিষ্ট দামে আলু কেনার যে সিদ্ধান্ত মন্ত্রিসভা নিয়েছিল, তা কার্যকর করতে এবার আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করল রাজ্যের কৃষি বিপণন দপ্তর।

সরকারি নির্দেশ অনুযায়ী, চাষিদের কাছ থেকে প্রতি কেজি আলু ৯ টাকা ৫০ পয়সা দরে কেনা হবে। আপাতত আগামী ৩১ মার্চ পর্যন্ত এই ক্রয় প্রক্রিয়া চালু থাকবে বলে জানানো হয়েছে। তবে পরিস্থিতি অনুযায়ী প্রয়োজন হলে এই সময়সীমা আরও বাড়ানো হতে পারে।

সরকারের পরিকল্পনা অনুযায়ী, মোট ১২ লক্ষ টন 'জ্যোতি' প্রজাতির আলু কেনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ইতিমধ্যেই বিভিন্ন হিমঘরে আলু মজুত রাখার জন্য প্রায় ৩০ শতাংশ জায়গা সংরক্ষিত রাখা হয়েছে। একজন চাষি সর্বাধিক ৩৫ কুইন্টাল, অর্থাৎ প্রায় ৭০ বস্তা পর্যন্ত আলু সরকারের কাছে বিক্রি করতে পারবেন। রাজ্যের প্রধান আলু উৎপাদনকারী ১২টি জেলায় এই কর্মসূচি চালু করা হবে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, যাতে প্রকৃত চাষিরাই এই সুবিধা পান তা নিশ্চিত করতে নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করতে হবে। চাষিদের প্রথমে সংশ্লিষ্ট বিডিও অফিসে আবেদন জমা দিতে হবে। 'আগে আবেদন, আগে সুযোগ' এই ভিত্তিতেই অনুমোদন দেওয়া হবে। আবেদন যাচাইয়ের সময় কৃষকবন্ধু সার্টিফিকেট, বাংলা শস্যবিমার নথি, কিষান ক্রেডিট কার্ড ও জমির কাগজপত্র পরীক্ষা করা হবে।

যাচাই প্রক্রিয়া শেষ হলে সংশ্লিষ্ট চাষিকে নির্দিষ্ট হিমঘর বরাদ্দ করে দেওয়া হবে। পরে সেই তালিকা হিমঘরে পাঠানো হবে ও বিক্রি করা আলুর মূল্য সরাসরি চাষির ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়বে।

রাজনৈতিক মহলের একাংশের মতে, আলু উৎপাদনকারী গ্রামীণ অঞ্চলে এই পদক্ষেপ শাসকদলের পক্ষে নির্বাচনের আগে কিছুটা সুবিধা এনে দিতে পারে। অন্যদিকে কৃষি বিপণন দফতরের একাংশের কর্মকর্তাদের মত, এ বছর আলুর ফলন ভালো হওয়ায় চাষিরা যেমন লাভবান হবেন, তেমনি বাজারেও তুলনামূলক কম দামে আলু পাওয়ার সম্ভাবনা রয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+