Recruitment Scam: যোগ্য-অযোগ্যদের চিহ্নিত করা সম্ভব! মোদীর আশ্বাসের পরেই ইউ টার্ন SSC-এর
Recruitment Scam: যোগ্য এবং অযোগ্যদের চিহ্নিত করা সম্ভব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আশ্বাসের পরেই ইউটার্ন স্কুল সার্ভিস কমিশনের। গত এক সপ্তাহ আগেই চাকরিহারাদের মধ্যে যোগ্য এবং অযোগ্যদের চিহ্নিত করা সম্ভব নয় বলে জানানো হয় কমিশনের তরফে। যা নিয়ে তীব্র বিতর্ক হয়।
এমনকি আজ শুক্রবারও এসএসসি ভবন অভিযান করেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকা ও শিক্ষা কর্মীরা। যোগ্য চাকরিপ্রার্থীদের চাকরি ফিরিয়ে দেওয়ার দাবিতে বিক্ষোভে রণক্ষেত্র হয়ে ওঠে করুণাময়ী। আর এর মধ্যেই বাংলায় এসে যোগ্যদের পাশে থাকার কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

এমনকি আইনি সাহায্য দেওয়ার কথাও বলেন। এজন্য বঙ্গ বিজেপি বিশেষ সেল তৈরি করবে বলেও জানান প্রধানমন্ত্রী। যোগ্য প্রার্থীরা যাতে সাহায্য পান সেক্ষেত্রে সোশ্যাল মিডিয়া পেজ খোলার কথাও জানান। আর এহেন মন্তব্যের কয়েক ঘণ্টার মধ্যেই এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের চাঞ্চল্যকর দাবি।
এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, যাঁরা দোষী নন, অবশ্যই তাঁদের পাশে আছে এসএসসি। এমনকি চাকরি যাওয়া প্রায় ২৬ হাজারের মধ্যে যোগ্য-অযোগ্য চিহ্নিত করা সম্ভব বলে জানান স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান।
এমনকি এই সংক্রান্ত তালিকা সুপ্রিম কোর্টে দায়ের হওয়া মামলায় জমা দেওয়ার কথাও জানান। সিদ্ধার্থ মজুমদারের কথায়, অযোগ্যদের তালিকা দিয়েছিলাম, হাইকোর্টের বিশেষ বেঞ্চে। যদিও দাবি ঘিরে একাধিক প্রশ্ন উঠছে। বিশেষ করে এসএসসির আগের এবং এখনকার মন্তব্য নিয়ে প্রশ্ন উঠছে।
কেন আগে যোগ্য এবং অযোগ্যদের আলাদা করা সম্ভব নয় বলে মন্তব্য করেছিল এসএসসি তা নিয়ে উঠছে প্রশ্ন। এমনকি কলকাতা হাইকোর্টেও এমন কোনও তালিকা এসএসসি জমা দিতে পারিনি বলে দাবি আইনজীবীদের। স্কুল সার্ভিস কমিশনের সহযোগিতা মিলছে না বলেও আদালত পর্যবেক্ষণ করেছিল বলে দাবি আইনজীবীদের।
এই প্রসঙ্গে এক আইনজীবী বলেন, যদি যোগ্য এবং অযোগ্যদের তালিকা থাকে তাহলে কেন এসএসসি আদালতে দিতে পারল না। তা হলে তো এত জটিলতা তৈরি হত না বলে মত আইনজীবীর। বলে রাখা প্রয়োজন, করুণাময়ী থেকে প্রায় কয়েক হাজার আন্দোলনকারী করে এসএসসি ভবনের উদ্দেশ্যে রওনা দিলে পুলিশ ব্যারিকেট করে আটকানোর চেষ্টা করে।
সেখানেই পুলিশের সঙ্গে বাঁধে ধস্তাধস্তি। পুলিশের বাধা অতিক্রম করে ব্যারিকেট ভেঙে আন্দোলনকারীরা এসএসসি ভবনে এসে পৌঁছয়। এসএসসি ভবনের সামনের চলে বিক্ষোভ। পুলিশের তরফ থেকে লাগাতার মাইকিং করা হচ্ছে যাতে তারা রাস্তা থেকে সরে যায়।












Click it and Unblock the Notifications