ইডি দফতরে মেয়র পত্নী রত্না, কোন মামলায় জিজ্ঞাসাবাদ, জেনে নিন
ইডি দফতরে মেয়র পত্নী রত্না চট্টোপাধ্যায়। নারদ মামলা, নয়, বেআইনি সম্পত্তির মামলায় তলব করা হয়েছে রত্না চট্টোপাধ্যায়কে। সূত্রের খবর, নারদ-তদন্তে মেয়র পত্নীর নামে প্রচুর বেআইনি সম্পত্তির হদিশ পাওয়া যায়
ইডি দফতরে মেয়র পত্নী রত্না চট্টোপাধ্যায়। নারদ মামলা, নয়, বেআইনি সম্পত্তির মামলায় তলব করা হয়েছে রত্না চট্টোপাধ্যায়কে। সূত্রের খবর, নারদ কাণ্ডে তদন্তে নেমে মেয়র পত্নীর নামে প্রচুর বেআইনি সম্পত্তির হদিশ পায় ইডি।

একবার, দুবার নয়, তৃতীয় দফার তলবে সিজিও কমপ্লেক্সের ইডি দফতরে গেলেন মেয়র পত্নী রত্না চট্টোপাধ্যায়। মঙ্গলবার সকাল সাড়ে আটটা নাগাদ ইডি দফতরে পৌঁছন রত্না চট্টোপাধ্যায়।
নারদ কাণ্ডে এর আগে একাধিকবার মেয়রকে জিজ্ঞাসাবাদ করে ইডি এবং সিবিআই। সূত্রের খবর, সেই জিজ্ঞাসাবাদের সময় অনেক কোটি কোটি টাকার বেআইনি সম্পত্তির হদিশ পান কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা। এর মধ্যে রয়েছে একাধিক দামি ফ্ল্যাট এবং শেল কোম্পানিতে বিনিয়োগের প্রমাণ। সেই সময় মেয়র শোভন চট্টোপাধ্যায় জানিয়েছিলেন, তাঁর যাবতীয় হিসেবপত্র রাখেন তাঁর স্ত্রী রত্না। এর পরেই রত্না চট্টোপাধ্যায়কে তলব করে ইডি।
এর আগে রত্না চট্টোপাধ্যায়কে দুবার তলব করে ইডি। কিন্তু সেই সময় তিনি লন্ডনে ছিলেন। ইমেল মারফত তিনি জানিয়েছিলেন, সেখানে চিকিৎসার জন্য গিয়েছেন তিনি।
সূত্রের খবর, ইতিমধ্যেই চট্টোপাধ্যায় দম্পতি, বিশেষ করে রত্না চট্টোপাধ্যায়ের সম্পত্তির একটি তালিকাও তৈরি করে ফেলেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেই তালিকা সামনে রেখে জিজ্ঞাসাবাদের সঙ্গে লন্ডনে চিকিৎসা সংক্রান্ত কাগজপত্রও খতিয়ে দেখছেন ইডি আধিকারিকরা।
জিজ্ঞাসাবাদের প্রথম দফায় রত্না চট্টোপাধ্যায়ের বয়ান রেকর্ড করা হচ্ছে। দ্বিতীয় দফায়, সম্পত্তির হিসেব সামনে রেখে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানা গিয়েছে। কতদিন, কোন চিকিৎসকের অধীনে রত্না চট্টোপাধ্যায় চিকিৎসাধীন ছিলেন তাও মিলিয়ে দেখা হচ্ছে।
এর আগে পরিবার ঘনিষ্ঠ দুই ব্যক্তি, শ্যালক শুভাশিস দাস এবং দিলীপ সাহাকেও জিজ্ঞাসাবাদ করে ইডি।












Click it and Unblock the Notifications