সিস্টার ধর্ষণ কাণ্ড : রিপোর্ট তলব জাতীয় মানবাধিকার কমিশনের
নয়াদিল্লি, ১৮ মার্চ : রানাঘাটে সিস্টার ধর্ষণ কাণ্ডে এবার রাজ্যের কাছে রিপোর্ট তলব করল জাতীয় মানবাধিকার কমিশন।
এদিন কমিশনের তরফে মুখ্যসচিব ও রাজ্য পুলিশের ডিজিকে নোটিশ পাঠানো হয়েছে। আগামী দু'সপ্তাহের মধ্যে রাজ্য সরকারকে ঘটনা সংক্রান্ত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে জাতীয় মানবাধিকার কমিশন।

কমিশনের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, দু'সপ্তাহের মধ্যে রিপোর্ট পাঠানোর জন্য মুখ্যসচিব ও রাজ্য পুলিশের ডিজিকে নোটিশ পাঠানো হয়েছে। বলা হয়েছে, সংবাদমাধ্যমে যে খবর প্রকাশিত হয়েছে তা যদি সত্যি হয় তাহলে মানবাধিকার চূড়ান্তভাবে লঙ্ঘিত হয়েছে। ফলে সে ব্যাপারে জানতেই স্বতঃপ্রণোদিতভাবে রাজ্যকে নোটিশ পাঠিয়েছে কমিশন।
এর আগে প্রধানমন্ত্রীর দপ্তর থেকেও যত দ্রুত সম্ভব পূর্ণাঙ্গ রিপোর্ট তলব করা হয়েছে। ঘটনার পর এতদিন কেটে গেলেও কেন কোনও অভিযুক্তকে এখনও গ্রেফতার করা গেল না, কী কারণে এমন অবস্থার সৃষ্টি হল, এবং কোন ঘটনার প্রেক্ষিতে এমন ভয়ঙ্কর ঘটনা ঘটল, এই সবই অতি দ্রুত জানতে চাওয়া হয়েছে।
রানাঘাটের ওই কনভেন্ট স্কুলে শুক্রবার রাতে পাঁচিল টপকে ঢুকে শুধু লুঠ চালানোর পাশাপাশি, স্কুলের সত্তরোর্ধ্ব সিস্টারকে ধর্ষণ করে দুষ্কৃতীরা। জনা সাতেকের ডাকাত দলটি স্কুলে ঢোকার পরে একমাত্র নৈশরক্ষীকে মারধর করে বেঁধে ফেলে আলমারি ভেঙে নগদ প্রায় ১২ লক্ষ টাকা, ড্রয়ারে থাকা ল্যাপটপ, ক্যামেরা লুঠ করে। এরপর সন্ন্যাসিনীদের আবাসনে ঢুকে রান্নাঘরের দরজা ভেঙে দুষ্কৃতীরা দোতলায় উঠতেই ঘুম ভেঙে যায় সন্ন্যাসিনীদের। বাধা দিতে গেলে দুষ্কৃতীরা চুয়াত্তর বছরের সিস্টারকে একটি ঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করে।












Click it and Unblock the Notifications