'জাস্টিস ফর আরজি কর' স্লোগানে মিছিল, অন্যদিকে রবিবার ইলিশ উৎসবের মঞ্চে তৃণমূল নেতারা
আরজি কর কাণ্ডে রবিবার কলকাতা শহর জুড়ে মিছিল। নাগরিক সমাজের ডাকে কলকাতা কলেজ স্ট্রিট থেকে মিছিল। দক্ষিণ কলকাতাতেও মিছিল হয়েছে। নির্যাতিতার ধর্ষণ ও খুনের ঘটনার যথাযথ শাস্তি চাই। সেই দাবি জোরালো ভাবে উঠছে। এদিকে সেই দিনেই খাস কলকাতায় রবিবার চলল ইলিশ উৎসব। তাও আবার মধ্য কলকাতায় মানিকতলা এলাকায়।
কাঁকুড়গাছি সিআইডি বিল্ডিংয়ের সামনে এই ইলিশ উৎসবের আয়োজন হল। রবিবার তৃণমূল কংগ্রেস বিধায়ক পরেশ পাল উদ্যোগে এই ইলিশ উৎসব আয়োজন করা হয়েছে। গঙ্গা - পদ্মা ইলিশ উৎসব এবার ২০ তম বছরে পড়ল।

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে এমন নারকীয় ঘটনা ঘটল। জাস্টিস ফর আরজি কর স্লোগান তুলে প্রতিবাদ হচ্ছে রাজ্যজুড়ে। সেখানে এই ইলিশ উৎসব করতে এত টুকু দ্বিধাবোধ হল না? এই প্রশ্ন বিরোধীদের পক্ষ থেকে উঠতে শুরু করেছে।
খোদ শাসক দলের বিরুদ্ধে আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের ঘটনায় অভিযোগের আঙুল। এদিকে কিছু সময়ের পথ দূরত্বে কাঁকুড়গাছি এলাকায় এই ইলিশ উৎসবের আয়োজন করলেন তৃণমূল বিধায়ক।
শুধু তাই নয়, কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষ সশরীরে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। মঞ্চেও তাঁকে দেখা গিয়েছে। ছিলেন মানিকতলার বর্তমান বিধায়ক সুপ্তি পাণ্ডে। সাধন পাণ্ডের কন্যা শ্রেয়া পাণ্ডে। মঞ্চে ছিলেন পরেশ পাল।
পরেশ পাল, অতীন বন্দোপাধ্যায়, সুপ্তী পাণ্ডেরা কী ভাবে এই অনুষ্ঠানে শামিল হলেন? অনুষ্ঠান আয়োজন করতে এত টুকু দ্বিধা কাজ করল না? এই প্রশ্ন ওয়াকিবহাল মহল থেকে উঠছে। বিজেপি কাউন্সিলর সজল ঘোষ এই বিষয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি নিজে কয়েকটি ছবি দিয়ে ফেসবুকে আক্রমণাত্মক মন্তব্য করেছেন।
সজল ঘোষ লিখেছেন, " সারা রাজ্য উত্তাল,সর্বত্র হয় শোকের, নয় ক্রোধের পরিবেশ, আর কিছু তৃণমূলের নির্লজ্জ নেতা তারা মমতা - অভিষেক আর ইলিশ মাছের ছবি একসাথে দিয়ে "ইলিশ উৎসব" নামক ফুর্তি করছেন। আপনাদের ধিক্কার জানাই।"
আরজি কর কাণ্ডে পুলিশের ভূমিকা নিয়ে ক্রমাগত প্রশ্ন উঠছে। বিভিন্ন মহলে ক্ষোভ ছড়াচ্ছে। রবিবার মহানগরে একাধিক জায়গায় মিছিল হয়। 'জাস্টিস ফর আরজি কর' স্লোগান তুলে মিছিলে সামিল বিশিষ্ট মানুষরাও।












Click it and Unblock the Notifications