কথা রাখলেন রাজনাথ সিং, বর্ধমান-কাণ্ডে এনআইএ তদন্তে সিলমোহর

২ অক্টোবর বর্ধমানের খাগড়াগড়ে একটি বাড়িতে বিস্ফোরণ হয়েছিল। বিস্ফোরণের অন্তত ২০ ঘণ্টা পর খবর দেওয়া হয় এনআইএ বা ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সিকে। তারা এসে পৌঁছনোর আগেই ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া বিস্ফোরক নষ্ট করে দেয় বর্ধমান থানার পুলিশ। জেহাদি কাগজপত্রগুলিও পুড়িয়ে ফেলা হয়। অভিযোগ, জঙ্গিদের সঙ্গে পরিচয় ছিল শাসক দলের এক স্থানীয় নেতার। তাই পুলিশ তড়িঘড়ি প্রমাণ লোপাট করে দেয়। এমনকী, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এনআইএ প্রাথমিকভাবে তদন্ত শুরু করলেও পদে-পদে তাদের সঙ্গে অসহযোগিতা করা হয়। পুলিশ এনআইএ অফিসারদের সঙ্গে দুর্ব্যবহার করেছে বলেও অভিযোগ উঠেছে। এর জেরে তদন্ত থেকে নিজেদের সরিয়ে নেয় এনআইএ।
গোটা বিষয়টি নিয়ে দিল্লিতে অভিযোগ জানান এনআইএ গোয়েন্দারা। গত বুধবার স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের কাছে রিপোর্ট পেশ করা হয়। সেটা দেখে রাজনাথ সিং বলেছিলেন, তিনি অভিযোগগুলি সম্পর্কে খোঁজ নিচ্ছেন। শীঘ্রই যথোপযুক্ত ব্যবস্থা নেবেন। শেষ পর্যন্ত অভিযোগের সত্যতা নিয়ে নিঃসন্দেহ হওয়ায় তিনি এনআইএ-র হাতে তদন্তভার তুলে দেওয়ার নির্দেশ দেন।
অথচ যুক্তরাষ্ট্রীয় কাঠামোর দোহাই দিয়ে রাজ্য সরকার প্রথম থেকে এই তদন্তের বিরোধিতা করে আসছিল। আইনশৃঙ্খলা রাজ্যের এক্তিয়ারভুক্ত, এই দাবি করেছিল রাজ্য প্রশাসন। কিন্তু বিরোধী দলগুলি বলে আসছিল, এটা মামুলি আইনশৃঙ্খলার বিষয় নয়। এর সঙ্গে দেশের সুরক্ষা জড়িয়ে। শেষ পর্যন্ত কেন্দ্র এনআইএ-কে সবুজ সঙ্কেত দেওয়ায় ধোপে টিকল না রাজ্যের আপত্তি।












Click it and Unblock the Notifications