দোলের পরেই আবহাওয়ার বড়সড় বদল! এই দিন থেকেই হতে পারে বৃষ্টি, ভিজবে এই সমস্ত জেলা, কী জানাচ্ছে হাওয়া অফিস?
দোল উৎসবের রেশ কাটতে না কাটতেই রাজ্যের আবহাওয়ায় বড় পরিবর্তনের আভাস পাওয়া গিয়েছে। তীব্র গরমের আবহাওয়া অনুভূত হওয়ার বদলে বৃষ্টিতে ভিজতে চলেছে চারিদিক। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুসারে, আগামী রবিবার থেকে বুধবার পর্যন্ত একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনার রয়েছে। বিশেষ করে রবিবার এবং সোমবার বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। তবে আজ রাজ্যের কোথাও সেরকম বৃষ্টির সম্ভাবনা নেই। তাপমাত্রা স্বাভাবিক থাকবে।

তবে, উত্তরবঙ্গে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। পার্বত্য অঞ্চলগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আজ কালিম্পং, দার্জিলিং ও জলপাইগুড়িতে বিক্ষিপ্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনাও রয়েছে। যদিও আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুসারে, আগামীকাল থেকে শুক্রবার পর্যন্ত এই সমস্ত জায়গাগুলিতে আবহাওয়া শুষ্কই থাকবে।
দক্ষিণবঙ্গেও রবিবার থেকে আবহাওয়া বদলের ইঙ্গিত। ঝাড়গ্রাম থেকে শুরু করে পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান, হুগলি, নদিয়াতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে শুক্রবার পর্যন্ত দক্ষিণের সমস্ত জেলায় শুষ্ক আবহাওয়াই বজায় থাকবে।
আজ কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২১ ডিগ্রি সেলসিয়াস থাকবে বলে আবহাওয়া দফতর সূত্রে খবর। উপকূল এবং সংলগ্ন জেলাগুলিতে রাতের তাপমাত্রা কিছুটা হলেও কমেছে, যা ধীরে ধীরে বাড়তে পারে।












Click it and Unblock the Notifications