মাওবাদী-যোগে পুরুলিয়ায় খুনখারাপি তৃণমূলের! বিস্ফোরক অভিযোগ রাহুল সিনহার
মাওবাদীদের সঙ্গে নিয়ে পুরনো কায়দায় তৃণমূল খুনখারাপি শুরু করেছে বলে মন্তব্য করলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহা।
সম্প্রতি পঞ্চায়েত নির্বাচনে জঙ্গলমহল হাতছাড়া হয়েছে তৃণমূলের। সেই কারণে মাওবাদীদের সঙ্গে নিয়ে পুরনো কায়দায় তৃণমূল খুনখারাপি শুরু করেছে বলে মন্তব্য করলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহা। পুরুলিয়ায় তিনদিনের মধ্যে দুই বিজেপি কর্মীর মৃত্যুর পিছনেই তৃণমূলের হাত রয়েছে বলে অভিযোগ তাঁর।

রাহুল সিনহার অভিযোগ, পুরুলিয়ার বলরামপুর মাওবাদীদের জায়গা। আর সেখানে এবার জিতেছে বিজেপি। তৃণমূল এই হার মেনে নিতে পারছে না। তাই পঞ্চায়েত ভোট মিটলেও খুন-সন্ত্রাস চালিয়ে যাচ্ছে। মাওবাদীদের সাহায্য নিয়ে বিজেপিকে উৎখাতের চেষ্টা করে যাচ্ছে। উল্টে তৃণমূল কংগ্রেস এই খুনকে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব বলে চালানোর চেষ্টা করছে বলে নিন্দা করেন রাহুল সিনহা।
এর আগে বুধবার সুপুরডি গ্রাম উদ্ধার হয় ত্রিলোচন মাহাতো নামে এক বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ। তারপর দাভাগ্রামে টাওয়ার থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হল দুলাল কুমার নামে আর এক বিজেপি কর্মীর দেহ। এদিন ফের রাহুল সিনহা এই দুই রহস্যমৃত্যুর তদন্তে সিবিআই তদন্ত দাবি করেন। বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সাহস থাকলে পুরুলিয়ায় খুনের ঘটনায় সিবিআই তদন্ত করান।
উল্লেখ্য, এই দুই মৃত্যুর ঘটনায় ইতিমধ্যেই সিআইডি তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। তৃণমূলের তরফে এই অভিযোগ সমূলে উৎখাত করা হয়েছে। তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেন, ওসব অভিযোগের কোনও সারবত্তা নেই। তৃণমূল কখনও হিংসার রাজনীতিকে প্রশ্রয় দেয় না। এলাকা দখল করার প্রয়োজন আমাদের নেই। আমরা উন্নয়ন দিয়েই মানুশের মনের মণিকোঠায় পৌঁছতে চাই।












Click it and Unblock the Notifications