কংগ্রেসের বিদায়ী সাংসদকে ‘প্রতারক’ তকমা রাহুলের, ধোঁকার যোগ্য জবাব দেওয়ার আর্জি
মালদহের চাঁচল থেকে বাংলায় লোকসভা নির্বাচনী প্রচার শুরু করলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। আর এই মালদহের মাটিতে দাঁড়িয়েই নাম না করে বিদায়ী কংগ্রেস সাংসদ মৌসম বেনজির নুরকে একহাত নিলেন তিনি।
মালদহের চাঁচল থেকে বাংলায় লোকসভা নির্বাচনী প্রচার শুরু করলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। আর এই মালদহের মাটিতে দাঁড়িয়েই নাম না করে বিদায়ী কংগ্রেস সাংসদ মৌসম বেনজির নুরকে একহাত নিলেন তিনি। তাঁকে প্রতারক তকমায় বিঁধে রাহুল গান্ধী মালদহবাসীর কাছে প্রতারণার যোগ্য জবাব দিতে বললেন রাহুল গান্ধী।

শনিবার চাঁচলের সভা থেকে রাহুল গান্ধী বলেন, কংগ্রেসের একজন ধোঁকা দিয়েছে। তাঁকে বুঝিয়ে দিতে হবে ধোঁকা দিয়ে বাংলায় কোনও কাজ করা যায় না। রাহুল গান্ধী নাম না করেই মৌসম বেনজির নুরকে প্রতারক বলে আখ্যায়িত করেন। তাঁর কথায়, মালদহ কংগ্রেসের গড়। কংগ্রেসের এই গড়ে প্রতারকের কোনও জায়গা নেই।
উল্লেখ্য, মৌসম কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান করেছেন। তাঁকেই উত্তর মালদহের প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস। এদিকে কংগ্রেস মৌসমের দাদা ইশা খান চৌধুরীকে প্রার্থী করেছে। আক্ষরিক অর্থেই মালদহ উত্তরের লোকসভা ভোটের যুদ্ধ পারিবারিক লড়াইয়ে রূপান্তরিত হয়েছে।
এই অবস্থায় রাহুল বলেন, যিনি ধোঁকা দিয়ে চলে গিয়েছেন, তাঁকে যোগ্য জবাব দিতে ইশা খান চৌধুরীকে জয়ী করুন। এই মালদহের মাটি থেকে কংগ্রেস ফের বাংলায় ঘুরে দাঁড়াবে বলে তিনি দাবি করেন। এবার কেন্দ্রে কংগ্রেস সরকার আসবে বলেই তাঁর দৃঢ় বিশ্বাস। একইসঙ্গে তিনি বাংলাতেও কংগ্রেস সরকার প্রতিষ্ঠার বার্তা দেন।
রাহুল বুঝিয়ে দেন, একমাত্র কংগ্রেস সরকার পারে দেশকে সুশাসন দিতে। কৃষকদের পাশে দাঁড়ায়নি কোনও সরকারই। মোদী সরকার পারেনি, পারেননি রাজ্যের মমতার সরকারও। তাই কংগ্রেসই একমাত্র বিকল্প পথ। কর্মীদের মধ্যে উদ্দীপনা আছে, তা ভোটবাক্সে রূপান্তরিত করতে হবে। সকল কর্মীদের তিনি জেগে উঠতে বলেন। রাজ্যেকে বদলে দেওয়ার আর্জি জানান।












Click it and Unblock the Notifications